চট্টগ্রাম সিটি করপোরেশনের কয়েক কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি
চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের কয়েকজন কর্মকর্তাকে মোবাইলে ফোন করে চাঁদা দাবি করেছে একটি চক্র। তাঁদের প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি ও পূর্ব বাংলা সর্বহারা পার্টির নেতা ও সদস্য পরিচয়ে হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় আজ মঙ্গলবার বিকেলে নগরের কোতোয়ালি থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের তিন কর্মকর্তা।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির পরিচয়ে করপোরেশনের রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মোবাইলে হুমকি দেওয়ার বিষয়টি তদন্ত করা হচ্ছে।
সিটি করপোরেশন সূত্র জানায়, আজ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আহমুদুল হক, রাজস্ব সার্কেল-৩ এর কর কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপ-কর কর্মকর্তা হাসান ওসমান গণি ও রাজস্ব সার্কেল-৭ এর কর কর্মকর্তা জানে আলমকে ফোন করে চাঁদা দাবি করা হয় এবং তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
প্রধান রাজস্ব কর্মকর্তা আহমুদুল হক প্রথম আলোকে বলেন, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির প্রধান মহিউদ্দিন পরিচয় দিয়ে ফোন করে চাঁদা দাবি করা হয়। একই নম্বর থেকে আরও কয়েকজনকে এই ধরনের হুমকি দেওয়া হয়েছে।
করপোরেশনের রাজস্ব সার্কেল-৩ এর কর কর্মকর্তা মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবার দুপুর ১২টা ১৭ মিনিটে একটি নম্বর থেকে ফোন আসে। ফোনের অপর প্রান্তের ব্যক্তি নিজেকে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সদস্য বিপ্লব হিসেবে পরিচয় দেন এবং তাঁর নেতা মহিউদ্দিনের সঙ্গে কথা বলতে বলেন। এরপর চাঁদা দাবি করেন এবং না দিলে ছুরি মেরে প্রাণনাশের হুমকি দেন। এ জন্য থানায় জিডি করেছি।’