চট্টগ্রাম সিটিকে ৫ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের টাইগার পাস এলাকায় পাহাড় কেটে মেয়র ভবন নির্মাণের অভিযোগে সিটি করপোরেশনকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল সোমবার ঢাকায় শুনানি শেষে এই জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশন পরিবেশ ছাড়পত্র না নিয়ে পাহাড়ে মেয়র বাংলোর নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিল। এতে পাহাড়ের বিভিন্ন জায়গায় ক্ষতিসাধন হয়েছে। তাই শুনানি শেষে সিটি করপোরেশনকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আলমগীর হোসেন বলেন, এর আগে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তাঁরা পাহাড়ে মেয়র বাংলোর নির্মাণকাজ চালিয়ে যাওয়ার প্রমাণ পেয়েছিলেন।

প্রসঙ্গত, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৭ ডিসেম্বর একটি রিটের পরিপ্রেক্ষিতে মেয়রের ভবন নির্মাণের ওপর এক সপ্তাহের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে ৪ ডিসেম্বর রিটটি করা হয়। হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম জেলা প্রশাসন ১০ ডিসেম্বর মেয়র বাংলোর নির্মাণকাজ বন্ধ করে দেয়।

সিটি করপোরেশন গত বছরের সেপ্টেম্বরে পাঁচ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে মেয়র ভবনের নির্মাণকাজ শুরু করেছিল। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়েই করপোরেশন এর নির্মাণকাজ শুরু করে। এ নিয়ে গত বছরের ৩০ সেপ্টেম্বর প্রথম আলোতে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।