চট্টগ্রামে অগ্রণী ব্যাংকে ডাকাতির চেষ্টা, আটক ১
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকায় অগ্রণী ব্যাংকে ডাকাতির চেষ্টাকালে এক ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে তুলে দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) সালাহউদ্দিন চৌধুরী প্রথম আলোকে জানান, কুয়াইশ বুড়িশ্চর সিটি করপোরেশন কলেজের পাশে একটি দোতলা ভবনের ওপরের তলায় অগ্রণী ব্যাংকের কুয়াইশ শাখা। বৃহস্পতিবার রাতে তিন ডাকাত ভবনের পেছনের সিঁড়ি দিয়ে দোতলায় উঠে দেয়াল ভেঙে ব্যাংকের ভেতরে ঢোকার চেষ্টা করে। ব্যাংক ও কলেজের নৈশপ্রহরীরা বিষয়টি টের পেয়ে ডাকাতদের ধরতে যায়। এ সময় ডাকাত দলের সদস্যরা রড দিয়ে এক নৈশপ্রহরীকে পেটায়। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন। তাঁরা ডাকাত দলকে ধাওয়া দিয়ে একজনকে ধরে গণধোলাই দেয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
পুলিশের হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আ ফ ম নিজামুল হক গতকাল রাত সোয়া ১১টার দিকে প্রথম আলোকে বলেন, ‘গণপিটুনিতে আহত আটক ডাকাতের জ্ঞান না ফেরায় তার বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।’