চট্টগ্রামে অটোরিকশা চুরির অভিযোগে গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে সিএনজিচালিত অটোরিকশা চুরির মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বাকলিয়া থানা-পুলিশ।
গ্রেপ্তার পাঁচজন হলেন ইমতিয়াজ উদ্দিন, মো. সেলিম, মো. আলাউদ্দিন, মো. শাহীন ও ইয়াছিন আরাফাত।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন প্রথম আলোকে জানান, গত ২৪ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে বাকলিয়া যাওয়ার জন্য একটি অটোরিকশা ভাড়া করে যাত্রীবেশী ছিনতাইকারীরা। গাড়িটি কল্পলোক আবাসিক এলাকার সামনে গেলে চালক মো. মমিনকে মারধর করে গাড়িটি নিয়ে তারা পালিয়ে যায়। এ ঘটনায় চালক বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন।
ওসি বলেন, ওই ঘটনার সপ্তাহ খানেক পরে কক্সবাজারের চকরিয়ায় গাড়িটি বিক্রি করতে গেলে লোকজন সন্দেহ করলে ছিনতাইকারীরা গাড়িটি ফেলে চলে যায়। পুলিশ গাড়িটি উদ্ধার করে বাকলিয়া থানায় জমা দেন। শনিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা জানিয়েছে, ছিনতাইয়ে মোট সাতজন অংশ নিয়েছিল। পলাতক দুজনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।