চট্টগ্রামে অটোরিকশা থামিয়ে প্রকাশ্যে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ওয়াসা মোড় এলাকায় ব্যস্ত সড়কে গতকাল সোমবার বিকেলে প্রকাশ্যে অটোরিকশা থামিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা অস্ত্র ঠেকিয়ে অটোরিকশার দরজা খুলে এক ব্যবসায়ীর কাছ থেকে ৩ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। অনেকের সামনে এ ঘটনা ঘটলেও তাঁকে রক্ষায় পথচারীসহ আশপাশের কেউ এগিয়ে আসেননি।
বিকেল সাড়ে চারটায় ওয়াসা মোড়ের পাশে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে। যেখানে ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে, এর পাশে বেশ কয়েকটি দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। এই রাস্তায় সব সময় যানবাহন চলে। ঘটনার পর সেখানে লোকজন ছিল না। প্রায় পৌনে এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে আসে।
ছিনতাইয়ের শিকার মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘মুরাদপুরে ব্যাংক থেকে টাকা তুলে বিকেলে সিএনজি অটোরিকশায় চড়ে নিউমার্কেটের দিকে রওনা হই। ওয়াসা মোড় থেকে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সামনে যাওয়ার পর প্রথমে একটি মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারীরা অটোরিকশার সামনে এসে দাঁড়ায়। কয়েক সেকেন্ডের মধ্যে আরেকটি মোটরসাইকেলে করে আসা ছিনতাইকারীরা অটোরিকশার দরজা খুলে ফেলে। তারা অস্ত্র দেখিয়ে ঘুষি মেরে টাকার ব্যাগ নিয়ে যায়। ছিনতাইকারীরা যাওয়ার পর আশপাশের পথচারীরা আসে।’
প্রত্যক্ষদর্শীরা বলেন, তিনটি মোটরসাইকেলে সাতজন ছিনতাইকারী ছিল। কোনো মোটরসাইকেলের পেছনে কোনো নম্বরপ্লেট ছিল না।
ওয়াসা মোড় থেকে আলমাস সিনেমা হল পর্যন্ত প্রায় ৫০০ গজ দূরত্বের এই সংযোগ সড়কের এক পাশে বিশ্ববিদ্যালয়, সিএনজি স্টেশন ও একটি বাণিজ্যিক ভবন রয়েছে। অপর পাশে জমিয়তুল ফালাহ মসজিদ।
প্রত্যক্ষদর্শী মো. ইলিয়াছ বলেন, ব্যস্ত সড়ক হলেও এই সড়কে গত এক মাসে অন্তত পাঁচটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
এই রাস্তার এক পাশে চকবাজার থানা এবং অপর পাশ কোতোয়ালি থানার আওতাভুক্ত। ছিনতাইয়ের ঘটনাটি চকবাজার থানা এলাকার মধ্যে পড়েছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা প্রথম আলোকে বলেন, ওই সড়কে ছিনতাই রোধে নজরদারি বাড়ানো হবে।