চট্টগ্রামে অপহৃত কিশোর উদ্ধার, আটক ৩
চট্টগ্রাম নগরের সড়ক ও জনপথ কার্যালয়ের পাহাড় থেকে এক কিশোরকে উদ্ধার ও অপহরণকারী তিন যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় কোতোয়ালি থানা-পুলিশ এই অভিযান চালায়। অপহৃত কিশোরের পরিবারের কাছে অপহরণকারীরা পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল।
উদ্ধার হওয়া কিশোরের নাম মোহাম্মদ ইসমাইল। তার বাড়ি টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকায়। পটিয়ার একটি মাদ্রাসায় নবম শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য ইসমাইল চট্টগ্রামে এসেছিল। গত শুক্রবার রাতে বহদ্দারহাট এলাকার একটি হোটেলে নাশতা খাওয়ার সময় ছয় যুবক তাকে অপহরণ করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেয়। এরপর নগরের একটি বাড়িতে আটকে রাখে। গতকাল সকালে ইসমাইলকে রহমতগঞ্জ এলাকার সড়ক ও জনপথ বিভাগের পাহাড়ে নিয়ে লুকিয়ে রাখা হয়।
অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ মোহাম্মদ রিমন, মোহাম্মদ রুবেল ও মোহাম্মদ মামুন নামের তিনজনকে আটক করেছে।
উদ্ধারের পর ইসমাইল গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের কাছে দাবি করে, তার পরিচিত দুলাল নামের এক ব্যক্তি এই অপহরণ ঘটনায় জড়িত থাকতে পারে। কারণ সে দুলালের কাছে ১০ হাজার টাকা পাবে। দুলাল তাকে পাঁচ হাজার টাকা দিতে রাজি হয়। বিষয়টি নিয়ে শুক্রবার মুঠোফোনে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর বহদ্দারহাট এলাকার ওই রেস্তোরাঁ থেকে সে অপহরণের শিকার হয় বলে জানায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন প্রথম আলোকে জানান, স্থানীয়ভাবে খবর পেয়ে রহমতগঞ্জ এলাকার সওজ পাহাড়ে পুলিশ অভিযান চালায়। সেখান থেকে অপহৃত ইসমাইলকে উদ্ধার এবং আরও তিন অপহরণকারীকে আটক করা হয়। অপহরণকারীদের মধ্যে আরও কয়েকজন পালিয়ে যায়।
ওসি বলেন, অপহরণকারীরা পাঁচ লাখ টাকা মুক্তিপণের জন্য ইসমাইলকে মারধর করেছে। ইসমাইলের মুঠোফোন দিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে মুক্তিপণ চাওয়া হয়।