চট্টগ্রামে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন, দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের ইপিজেড থানাধীন নিউমুরিং তক্তারপুল এলাকায় অভিযান চালিয়ে ৪৮টি অবৈধ আবাসিক গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। একই সঙ্গে অবৈধ সংযোগের জন্য বসানো আড়াই শ ফুট লম্বা একটি গ্যাস পাইপলাইন উত্তোলন করা হয়েছে। অবৈধ গ্যাস ব্যবহারের সঙ্গে জড়িত থাকায় দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

আজ মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন কর্ণফুলী গ্যাসের ব্যবস্থাপক (ভিজিল্যান্স) হাসান সোহরাব ও ব্যবস্থাপক (আইন) জসিম উদ্দিন চৌধুরী। ইপিজেড থানার পুলিশ অভিযানে সহায়তা করে।

কর্ণফুলী গ্যাসের ব্যবস্থাপক (ভিজিল্যান্স) হাসান সোহরাব বলেন, অবৈধ সংযোগ ব্যবহার করা হচ্ছে—এমন অভিযোগ পেয়ে পুলিশি সহায়তায় আকস্মিক অভিযান চালানো হয়। মোহাম্মদ ওসমান নামের এক ব্যক্তি তাঁর সাততলা ভবনের ৪৮টি বাসায় অবৈধভাবে সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করছিলেন। এক ইঞ্চি ব্যাসের আড়াই শ ফুট গ্যাস পাইপলাইন স্থাপন করে অবৈধভাবে এ সংযোগগুলো নেওয়া হয়। অভিযানে সংযোগগুলো স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বাড়ির মালিককে পাওয়া যায়নি। তবে অবৈধ কাজে সহযোগিতা করার কারণে বাড়ির কেয়ারটেকার মো. মহিউদ্দিন এবং ব্যবস্থাপক মো. আরিফকে আটক করে ইপিজেড থানার পুলিশের কাছে দেওয়া হয়েছে। বাড়ির মালিক মোহাম্মদ ওসমান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এদিকে নগরের চকবাজার থানার ঘাসিয়াপাড়া খালপাড় এলাকায় আরেকটি অভিযান চালিয়ে আরও নয়টি অবৈধ গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানান হাসান সোহরাব।