চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আকবর শাহ ও বায়েজীদ বোস্তামী এলাকায় গতকাল বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে একটি এলজি, পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। দুটি ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে নগরের আকবর শাহ থানার শাপলা আবাসিক এলাকার একটি দর্জি দোকান থেকে মো. হারুন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ডিবি। এ সময় দোকানে অভিযান চালিয়ে একটি এলজি ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় আকবর শাহ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দর্জির দোকানের ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসার কথা স্বীকার করেন গ্রেপ্তার হারুন।
এদিকে গতকাল বিকেলে উপজেলার হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকা থেকে মো. মিজান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বায়েজীদ বোস্তামী থানার পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় বায়েজীদ বোস্তামী থানার কুলগাঁও কাঁঠাল বাগান এলাকার একটি ঘর থেকে পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বায়েজীদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহসীন বলেন, মিজানের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা করা হবে।