চট্টগ্রামে আ.লীগ নেতার নেতৃত্বে সন্ত্রাসী হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চন্দনাইশের পশ্চিম এলাহাবাদে হাজি বাঁচা মিয়ার নতুন বাড়িটি গত শনিবার রাতে দুর্বৃত্তরা এভাবেই ভেঙে গুঁড়িয়ে দেয় l প্রথম আলো
চন্দনাইশের পশ্চিম এলাহাবাদে হাজি বাঁচা মিয়ার নতুন বাড়িটি গত শনিবার রাতে দুর্বৃত্তরা এভাবেই ভেঙে গুঁড়িয়ে দেয় l প্রথম আলো

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদের নেতৃত্বে বাঁচা মিয়ার নতুন বাড়িতে সশস্ত্র হামলা করার অভিযোগ পাওয়া গেছে। এতে হামলাকারীদের গুলিতে আহত বাঁচা মিয়ার ছেলে মোজাফ্ফর আহমদ ঘটনার পাঁচ দিন পর গতকাল বৃহষ্পতিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে গত শনিবার দিবাগত রাত দুইটায় উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ এলাকায়।
প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা যায়, রৌশনহাটের পাশে পশ্চিম এলাহাবাদে বাঁচা মিয়ার নতুন বাড়িতে গত শনিবার রাত দুইটার দিকে আবু আহমদের নেতৃত্বে চারটি ট্রাক, দুটি মাইক্রোবাস ও ৩০-৩৫টি মোটরসাইকেলে করে প্রায় দুই শতাধিক লোক হকিস্টিক, কিরিচ ও অস্ত্র নিয়ে এসে বাড়ির সীমানাপ্রাচীরের ভেতরে প্রবেশ করে। এ সময় বাড়ির লোকজনের ওপর হামলা ও মোজাফ্ফর আহমদকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে মোজাফ্ফরসহ পরিবারের আরও চারজন আহত হন।
গতকাল নিহত মোজাফ্ফরের বড় ভাই আকতার কামাল বলেন, ‘আমরা স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ রফিক থেকে সাড়ে পাঁচগণ্ডা জমি কিনে পাঁচ বছর আগে বাড়ি বানাই। এরপর থেকে পার্শ্ববর্তী দুলা মিয়ার ছেলে আনোয়ার হোসেন জায়গাটি তাদের ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছিল।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘যাঁদের সঙ্গে বিরোধ তাঁরা আমার কেউ নন। সেদিন আমি এলাকায়ও ছিলাম না। এই জায়গা কেনাবেচার কোনো প্রস্তাব দেওয়ার প্রশ্নই আসে না। তাঁরা কর্নেল অলি আহমদের অনুসারী হওয়ায় রাজনৈতিকভাবে হয়রানি করতে আমাকে ঘটনার সঙ্গে জড়ানোর চেষ্টা করছেন।’
চন্দনাইশ থানার ওসি আবুল কাসেম ভুঁইয়া বলেন, জায়গাটি হচ্ছে হাজি বাঁচা মিয়ার। দুলা মিয়ার ছেলে আনোয়ার হোসেন তাঁদের জায়গা দাবি করে জোরপৃর্বক তা দখল করতে গিয়েছিলেন। এ কারণে সমস্যা হয়েছে। এ ঘটনায় মোজাফ্ফরের ভাইয়ের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে আনোয়ার হোসেনসহ সাতজনকে আসামি করে আরও অজ্ঞাতনামা ৮০ থেকে ৯০ জনের বিরুদ্ধে চন্দনাইশ থানায় হত্যার চেষ্টা ও দাঙ্গা হাঙ্গামার একটি মামলা করেন। এটি এখন হত্যা মামলায় রূপান্তর হবে।