চট্টগ্রামে আ.লীগের কার্যালয়ে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬
ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬

চট্টগ্রাম নগরের লালদীঘির পাড়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গতকাল শুক্রবার ভাঙচুর চালিয়েছেন একদল নেতা-কর্মী। ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের জন্য প্রার্থী বাছাই নিয়ে বিরোধের জের ধরে এই ভাঙচুর চালানো হয়।
দলীয় সূত্র জানায়, আগামী ৪ জুন চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী থানার ১৬টি ইউপির নির্বাচন হবে। এই দুই থানা এবং থানার ১৬ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মতামত নিয়ে প্রার্থী তালিকা ঠিক করে গত বুধবার কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে পাঠানো হয়। এই তালিকা পাঠানোর পর মনোনয়নবঞ্চিত নেতাদের সাক্ষাৎকারের মাধ্যমে এই দুই থানার প্রার্থী বাছাইয়ের ঘোষণা দেয় দক্ষিণ জেলা আওয়ামী লীগ। গতকাল সকালে আনোয়ারার ১১ ইউনিয়নের প্রার্থী বাছাইয়ের জন্য সাক্ষাৎকারের সময়সূচি ছিল। বিষয়টি জানতে পেরে দুই থানা থেকে গতকাল সকালে কয়েক শ নেতা-কর্মী নগরে অবস্থিত দক্ষিণ জেলা কার্যালয়ের সামনে জড়ো হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মিছিল নিয়ে কার্যালয়ের ভেতরে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধা ডিঙিয়ে কিছু নেতা-কর্মী কার্যালয়ের ভেতরে গিয়ে আসবাব ভাঙচুর করেন। এ সময় পুলিশ লাঠিপেটা করে ক্ষুব্ধ নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
ভাঙচুরের সময় আওয়ামী লীগের কার্যালয়ে থাকা মো. রাসেল প্রথম আলোকে বলেন, ‘বেলা ১১টার কিছু আগে দুই শতাধিক নেতা-কর্মী মিছিল নিয়ে অফিসে ঢোকে। এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে অনেকে কার্যালয়ের ভেতরে ঢুকে ভাঙচুর চালায়।’ তিনি বলেন, ‘অফিসে থাকা আমরা দুজন ভয়ে পেছনের দরজা দিয়ে বের হয়ে যাই। এরপর এসে দেখি, চেয়ার ভাঙচুর করা হয়েছে। জানালার কাচও ভাঙা হয়েছে।’
ভাঙচুরের ঘটনার পর ক্ষুব্ধ নেতা-কর্মীরা চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন। এই বিক্ষোভে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। তিনি ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। সমাবেশে নেতা-কর্মীরা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের বিরুদ্ধে একতরফা প্রার্থী বাছাই প্রক্রিয়ার জন্য ক্ষোভ প্রকাশ করেন।
তৌহিদুল হক চৌধুরী বলেন, ‘কেন্দ্রের নির্দেশনা মেনে তৃণমূলের মতামত নিয়ে দুই থানার ১৬ ইউনিয়নের প্রার্থী বাছাই করে গত বুধবার কেন্দ্রে পাঠান ভূমি প্রতিমন্ত্রী। জেলা আওয়ামী লীগের কাছেও এর অনুলিপি দেওয়া হয়েছে। কিন্তু জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়নবঞ্চিত ব্যক্তিদের ডেকে নতুন করে প্রার্থী বাছাইয়ে সাক্ষাৎকার নেওয়ার ঘোষণা দেন। এর প্রতিবাদে আমরা হাজার খানেক নেতা-কর্মী মিছিল নিয়ে যাই। এ সময় মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করে গুটি কয়েক লোক। এ কারণে নেতা-কর্মীদের কেউ ক্ষোভ প্রকাশ করে থাকতে পারেন।’
এ বিষয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘মনোনয়ন বোর্ডকে উপেক্ষা করে ভূমি প্রতিমন্ত্রী কেন্দ্রে প্রার্থী তালিকা পাঠিয়েছেন। মনোনয়নবঞ্চিত ব্যক্তিরা আমাদের কাছে আসায় তাঁদের সাক্ষাৎকার নেওয়া হয়। কর্ণফুলী থানার পাঁচ ইউনিয়নের পর গতকাল আনোয়ারা ও বাঁশখালীর প্রার্থী বাছাইয়ের সাক্ষাৎকার নেওয়ার সময়সূচি ছিল। তবে তা স্থগিত করা হয়।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, মনোনয়ন-সংক্রান্ত বিষয় নিয়ে দলীয় নেতা-কর্মীরা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালালে পুলিশ বাধা দেয়। তারা পুলিশের ওপর চড়াও হয়। এ সময় লাঠিপেটা, টিয়ার গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় পুলিশের দুজন সদস্য সামান্য আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে।