চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকায় গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এ ঘটনায় পুলিশের তিন সদস্যসহ অন্তত আটজন আহত হন। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক নেতা মেহেদী হাসান ও দুবাই যুবলীগের যুগ্ম সম্পাদক দাবিদার এস এম ইলিয়াছের পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। তাঁরা দুজনই চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী। নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থীকে সমর্থন দেওয়া নিয়ে বিরোধের জের ধরে এ সংঘর্ষ হয়।
অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. শরীফুল ইসলাম জানান, এ ঘটনায় রাতে মেহেদী হাসান ও ইলিয়াছের ভাই রাজাকে গ্রেপ্তার করা হয়েছে।
সংঘর্ষে আহত পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক (এসআই) সায়েম, সহকারী উপপরিদর্শক (এএসআই) সঞ্জীব ও কনস্টেবল মানিক। তাঁরা ছররা গুলিতে আহত হন। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।
আহত পাঁচজন মেহেদীর অনুসারী বলে জানা গেছে। তবে তাঁদের নাম জানা যায়নি।
বায়েজিদ থানার ওসি বাবুল চন্দ্র বণিক প্রথম আলোকে বলেন, মেহেদী ও ইলিয়াছের মধ্যকার বিরোধ অনেক পুরোনো। সিটি নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর পদে ইলিয়াছ সমর্থন দেন তাঁর ভাই মাহবুবুল আলমকে। আর মেহেদী সমর্থন দেন ফরিদ আহমেদকে। নির্বাচনে ওই দুই প্রার্থীই পরাজিত হন। এ জন্য একে অপরকে দায়ী করে আসছেন। এ নিয়ে বুধবার রাতে মেহেদীর বাসা লক্ষ্য করে ইলিয়াছের সমর্থকেরা গুলি করেন।
ওসি বলেন, ‘বুধবার রাতের ঘটনার জের ধরে মেহেদী বায়েজিদ থানার শেরশাহ কলোনির মিনার এলাকায় প্রতিবাদ সমাবেশ করছিলেন। সেখানে ইলিয়াছের সমর্থকেরা আবার গুলি করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় মেহেদীর লোকজনও পাল্টা গুলি ছোড়েন। একপর্যায়ে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ছাত্রলীগের নেতা মহিউদ্দিনের নেতৃত্বে কয়েক শ ছাত্র মিছিল নিয়ে ইলিয়াছের বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করে। আমরা মাঝপথে তাদের আটকানোর চেষ্টা করি। একপর্যায়ে আমরা ১৫টি ফাঁকা গুলি ছুড়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দিই।’
পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলমের নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের এই দুপক্ষের লোকজন ওই হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ আছে।
মেহেদী হাসান বলেন, ‘ইলিয়াছের নেতৃত্বে বুধবার আমার বাড়িতে গুলি হয়। আমি অল্পের জন্য বেঁচে যাই। এই সন্ত্রাসী ঘটনার প্রতিবাদে শেরশাহ মিনার এলাকায় প্রতিবাদ সমাবেশ করার সময় ইলিয়াছের লোকজন আবারও হামলা চালায়। এ কারণে আমাদের ছেলেদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।’ তিনি বলেন, ইলিয়াছেরা আট ভাই। একেক ভাই একেক দলের সঙ্গে সম্পৃক্ত। ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাহবুবুল আলম বিএনপি-সমর্থক।
এ বিষয়ে বক্তব্য জানতে চেষ্টা করে ইলিয়াছকে পাওয়া যায়নি।