চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এ সময় ফাঁকা গুলিবর্ষণ ও ঘরবাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার বিকেলে আগ্রাবাদের সিজিএস কলোনিতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ-সমর্থিত দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর এইচ এম সোহেল ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কৃত নেতা সাইফুল আলম ওরফে লিমনের সমর্থকদের মধ্যে এই পাল্টাপাল্টি হামলার ঘটে। উভয় পক্ষ চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।
কাউন্সিলর এইচ এম সোহেলের অনুসারী ফোরকান মোহাম্মদ জালাল ও মোহাম্মদ পারভেজ প্রথম আলোকে বলেন, লিমনের অনুসারী রনি ও জাহাঙ্গীরের নেতৃত্বে ২০-৩০ জন যুবক বিকেল সাড়ে চারটার দিকে হেলমেট ও মুখোশ পরে কলোনিতে প্রবেশ করেন। এ সময় তাঁরা সাত-আটটি ফাঁকা গুলি ছোড়েন। তাঁরা কলোনির বাসিন্দা মো. জামশেদকে (২৪) এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। তাঁকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একপর্যায়ে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ধাওয়া করলে হামলাকারীরা পালিয়ে যান। পুলিশের উপস্থিতিতেই লিমনের অনুসারীরা এলাকায় তাণ্ডব চালান বলে তাঁরা অভিযোগ করেন।
মোহাম্মদ জালাল ও মোহাম্মদ পারভেজ বলেন, কলোনিতে মাদক বিক্রির কারণে প্রায় তিন মাস আগে হামলাকারীদের এলাকা থেকে বের করে দেওয়া হয়। এর প্রতিশোধ নিতে গতকাল তাঁরা কলোনিতে হামলা চালান।
ছাত্রলীগের বহিষ্কৃত নেতা সাইফুল আলম হামলার অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘কাউন্সিলর সোহেল ভাইয়ের লোকজন প্রায় তিন মাস আগে এলাকার কিছু ছেলেকে বের করে দেন। অথচ তাঁদের বাসা সেখানে। মঙ্গলবার (গতকাল) বিকেলে এলাকায় ঢুকতে গেলে সোহেল ভাইয়ের কর্মীরা তাঁদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। পরে তাঁরা এলাকা ছেড়ে চলে আসেন।’
গতকাল বিকেল পাঁচটার দিকে সরেজমিনে দেখা যায়, সিজিএস কলোনি মাঠের এক পাশে পুলিশ ও আরেক পাশে কাউন্সিলরের সমর্থকেরা অবস্থান করছেন। মাঠে আহাজারি করছিলেন আহত জামশেদের মা রহিমা খাতুন। তিনি প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে আগ্রাবাদের একটি পোশাকের দোকানে কাজ করেন। গতকাল বিকেলে কলোনিতে ছিলেন তিনি। এ সময় হামলাকারীরা তাঁকে কুপিয়ে আহত করেন।
কলোনির দুটি টিনের ঘর ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে। এ ছাড়া কলোনির আরেকটি বাসার জিনিসপত্র ও কাচের জানালা ভাঙচুর করা হয়।
হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য শামসুন নাহার ও এ বি এম মাসুম আহমেদ বলেন, হামলাকারীরা কোনো কারণ ছাড়াই তাঁদের বাসায় তাণ্ডব চালান।
নগরের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ খান পাল্টাপাল্টি হামলার সময় পুলিশের নিষ্ক্রিয় থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।