চট্টগ্রামে ৩ জেএমবি সদস্য রিমান্ডে
চট্টগ্রামে আটক তিন জেএমবি সদস্য নাইমুর রহমান, ফয়সাল মাহমুদ ও শওকত রাসেলের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার বিকেলে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে এই তিনজনকে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে চট্টগ্রাম মহানগর হাকিম মো. রহমত আলী প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত শনিবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকা থেকে সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটক করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন গভীর রাতে চট্টগ্রামের হাটহাজারীতে একটি জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। সেখান থেকে একটি ‘স্নাইপার রাইফেল’, গুলি, বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম, সেনাবাহিনীর ১২ সেট পোশাক এবং জেএমবির কিছু সাংগঠনিক কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন নাইমুর রহমান (বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী), ফয়সাল মাহমুদ (নোয়াখালীর সেনবাগ) ও শওকত রাসেল (কক্সবাজারের মহেশখালী)। তাঁরা তিনজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের স্নাতকোত্তরের ছাত্র। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, পুলিশের কাছ থেকে কাগজপত্র পেলে যাচাই-বাছাই করে এই তিনজনের ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।
এ ব্যাপারে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মোত্তাকী ইবনে মিনান প্রথম আলোকে বলেন, গত ৫ অক্টোবর নগরের কর্ণফুলী থানার খোয়াত নগর এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে অস্ত্র ও গ্রেনেডসহ জেএমবির সামরিক প্রধানকে আটক করা হয়। এ সময় ৫ জনকে আটক করা হয়। এ ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলাটি তদন্ত করছেন নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সত্যজিৎ বড়ুয়া। এ মামলায় জেএমবির নাইমুর রহমানসহ তিন সদস্যর জড়িত থাকার তথ্য পাওয়ায় তাদের গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। বিকেলে শুনানি শেষে আদালত প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
কাজী মোত্তাকী ইবনে মিনান আরও বলেন, আদালতে শুনানিকালে তিন আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।