চট্টগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন বাংলাবাজার আরেফিন নগর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এ সময় তিন-চারটি দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষের সময় দুই পক্ষের লোকজন লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র ব্যবহার করেন।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন।

পুলিশ সূত্র জানায়, এলাকার লেদু গ্রুপ ও আলিফ গ্রুপের মধ্যে মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন সোহেল, মোমিন ও কবির।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন বলেন, এলাকায় চাঁদাবাজিসহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লেদু ও আলিফ গ্রুপের মধ্যে ভাঙচুর ও মারামারি হয়েছে। হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।