চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের রেয়াজউদ্দিন বাজারের একটি আবাসিক হোটেল থেকে সুজন দত্ত (৩৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাতে আল সালামত হোটেলের ৫১ নম্বর কক্ষের দরজা ভেঙে লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, হোটেলের নিবন্ধন খাতা অনুযায়ী, সুজন দত্তের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগো পাড়ায়। তিনি প্রসাধনসামগ্রীর ব্যবসা করতেন। ব্যবসায়িক কাজে মাঝেমধ্যেই ওই হোটেলে থাকতেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, গত রোববার সারা দিন সুজন দত্ত হোটেলের কক্ষ থেকে বের হননি। তাঁকে ডাকাডাকি করেও সাড়া পাননি হোটেলের লোকজন। রাতে থানায় খবর দেওয়া হলে পুলিশ দরজা ভেঙে বিছানায় তাঁর লাশ দেখতে পায়। সুজনের মুঠোফোনে সর্বশেষ ২৫ ফেব্রুয়ারি রাতে কথা বলার প্রমাণ পাওয়া গেছে। লাশের শরীরে অস্বাভাবিক কোনো চিহ্ন পাওয়া যায়নি। স্বাভাবিক মৃত্যুই মনে হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ বোঝা যাবে।
ওসি বলেন, বোয়ালখালীর ঠিকানায় সুজনের কোনো স্বজনকে পাওয়া যায়নি। তবে মুন্সিগঞ্জে তাঁর শ্বশুরপক্ষের আত্মীয়স্বজন আছেন। তাঁদের খবর দেওয়া হয়েছে।