চট্টগ্রামে আমীর খসরুসহ আসামি ৩৪৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ২০-দলীয় জোটের সভায় পুলিশের সঙ্গে কর্মীদের সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ৩৪৫ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আসামিদের মধ্যে ২৬০ জনকে গ্রেপ্তার ও বিএনপির নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ৮৫ জনকে পলাতক দেখানো হয়েছে। গতকাল সোমবার রাতে নগরের কোতোয়ালি থানায় মামলাটি করা হয়।

আসামিদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা, অস্ত্র লুটের চেষ্টা, পুলিশ সদস্যদের আহত করাসহ সন্ত্রাস দমন অধ্যাদেশ ও বিশেষ ক্ষমতা আইনে গতকাল রাতে মামলাটি করা হয়। মামলার বাদী কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট গতকাল সোমবার বিকেলে শান্তিপূর্ণ সমাবেশ করার প্রতিশ্রুতি দিয়েছিল। এই শর্তে ২০ দলকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়। কিন্তু কোনো উসকানি ছাড়াই তারা পুলিশের ওপর হামলা, অস্ত্র লুটের চেষ্টা করে। এ কারণে মামলা হয়েছে।

গতকাল সোমবার পুলিশের গুলিতে চট্টগ্রামে ২০-দলীয় জোটের সভা পণ্ড হয়ে গেছে। এ সময় পুলিশের সঙ্গে ২০-দলীয় জোটের কর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের তিন সদস্যসহ অন্তত ১৫ জন আহত হন। পুলিশের অভিযানে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীসহ দুই শতাধিক ব্যক্তি আটক হয়েছেন।
সমাবেশে পুলিশের গুলি ও দলীয় নেতা-কর্মীদের আটকের প্রতিবাদে আজ চট্টগ্রাম জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। সমাবেশ পণ্ড হয়ে যাওয়ায় জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেওয়ার সুযোগ পাননি।