চট্টগ্রামে আরএসওর শীর্ষ দুই নেতাসহ আটক ৫
জঙ্গি সন্দেহে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) শীর্ষ দুই নেতা এবং পাকিস্তানের এক নাগরিকসহ পাঁচজনকে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ আটক করেছে। গতকাল রোববার বেলা পৌনে একটায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক পাঁচজন হলেন আরএসওর সভাপতি সালামত উল্লাহ (৪৫) ও সহসভাপতি মো. শফিউল্লাহ (৪০), পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আলম (৪৪), মোহাম্মদ আমিন (৫০) ও সৌদিপ্রবাসী রোহিঙ্গা আবদুল মজিদ। আটক হওয়ার পর তাঁদের গতকাল দুপুর থেকে গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।
আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল জলিল মণ্ডল গোয়েন্দা শাখার উপকমিশনার কুসুম দেওয়ানকে প্রধান করে আট সদস্যের একটি সেল গঠনের নির্দেশ দেন। এই সেলের সদস্যরা আটক ব্যক্তিদের আরও ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করবেন।
গোয়েন্দা পুলিশের উপকমিশনার কুসুম দেওয়ান প্রথম আলোকে বলেন, ‘জঙ্গি সন্দেহে আমরা পাঁচজনকে আটক করি। তাঁদের মধ্যে পাকিস্তানি নাগরিক রয়েছেন। তাঁরা কেন চট্টগ্রামে জড়ো হয়েছিলেন এবং জঙ্গিদের সঙ্গে কোনো সম্পৃক্ততা আছে কি না, তা আমরা খতিয়ে দেখছি। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সশস্ত্র বিপ্লবের মাধ্যমে স্বাধীন আরাকান রাষ্ট্র গঠনের জন্য আরএসও প্রতিষ্ঠিত হয়। বৃহত্তর চট্টগ্রামের দক্ষিণাংশ এবং মিয়ানমারের কিছু অংশ নিয়ে তাঁরা স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখছেন। এর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন রোহিঙ্গা নাগরিক মরহুম সালেহ আহমদ। তাঁর ছেলে মো. শফিউল্লাহ সংগঠনটির বর্তমান সহসভাপতি।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শফিউল্লাহ নব্বই দশকে চট্টগ্রাম কলেজে পড়াশোনা করেছিলেন। সেই সময় তিনি মহানগর ছাত্রশিবিরের উপপ্রচার সম্পাদক ছিলেন। পরে জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে তাঁদের আবাস। সর্বশেষ গত ২৩ মার্চ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে বিপুল ব্যবধানে হেরে যান তিনি। তাঁকে আওয়ামী লীগ সমর্থন দিয়েছিল। তিনি আওয়ামী লীগের নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার প্রচার ও মানবসম্পদবিষয়ক সম্পাদক বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
গতকাল গোয়েন্দা কার্যালয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাকিস্তানের নাগরিক মোহাম্মদ আলম জানান, তিনি গ্লোবাল রোহিঙ্গা সেন্ট্রাল নামের একটি বেসরকারি সংস্থার পরিচালক। এর প্রধান কার্যালয় নেদারল্যান্ডসে। তিনি এর আগে গত ২০ মার্চ বাংলাদেশে এসে ২৪ মার্চ চলে যান। সর্বশেষ তিনি গত শুক্রবার জেদ্দা থেকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। গত শনিবার রাতে তিনি চট্টগ্রামের জিইসি মোড়ে অবস্থিত লর্ডস ইন হোটেলে ওঠেন। বাংলাদেশ ছাড়াও চলতি বছরে তিনি আরও সাতটি দেশ ভ্রমণ করেন।
আটক আবদুল মজিদ জিজ্ঞাসাবাদে জানান, তিনি সৌদি আরবের একটি মসজিদে ইমামতি করেন। শুদ্ধ বাংলা কিংবা ইংরেজি ভাষা তিনি বোঝেন না। আরবি ও কক্সবাজারের আঞ্চলিক ভাষায় অনর্গল কথা বলতে পারেন তিনি। পাসপোর্টে তাঁর জন্ম ১৯৮৩ সালের ৩০ অক্টোবর উল্লেখ রয়েছে। সৌদি আরবের মক্কা নগরে তাঁর জন্ম। প্রথমে তিনি নিজেকে সৌদি আরবের নাগরিক বলে দাবি করেছিলেন। পরে পাসপোর্ট যাচাই করে দেখা গেছে, তাঁর গ্রামের বাড়ি কক্সবাজারের উখিয়া উল্লেখ রয়েছে। তাঁর মা-বাবা রোহিঙ্গা বলে মজিদ স্বীকার করেন।
আটক মোহাম্মদ আমিন নিজেকে হাটহাজারী উপজেলার দেওয়াননগর গ্রামের বাসিন্দা বলে দাবি করেন। তবে ইউনিয়ন পরিষদের নাম জিজ্ঞেস করলে তিনি বলতে পারেননি। গোয়েন্দা পুলিশ ও সাংবাদিকদের জিজ্ঞাসাবাদের সময় তিনি একেক সময় একেক রকম তথ্য দিয়ে বিভ্রান্ত করছিলেন।
জিজ্ঞাসাবাদ সেলের সদস্য ও গোয়েন্দা শাখার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ হাসান প্রথম আলোকে বলেন, ‘আটক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্য আমরা যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেব।’ মামলা হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, সেলের আট সদস্য মিলে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে রিমান্ডের আবেদনও জানানো হতে পারে।