চট্টগ্রামে ইউজিসির বিজ্ঞপ্তির বাইরেও তিন শাখা ক্যাম্পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বিজ্ঞপ্তিতে চট্টগ্রামে তিনটি বেসরকারি বিশ্ববিদ্যায়ের চারটি শাখা ক্যাম্পাসের কথা বলা হলেও সেখানে আরও তিনটি শাখা ক্যাম্পাস দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে। প্রথম আলোর অনুসন্ধানে এ তথ্য পাওয়া গেছে।
এগুলোর মধ্যে নগরের বায়েিজদ এলাকায় বিজিসি ট্রাস্ট একটি, প্রবর্তক মোড়ে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের একটি এবং নগরের খুলশী এলাকায় পরিচালিত হচ্ছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সাইয়েন্সের (ইউআইটিএস) চট্টগ্রাম ক্যাম্পাস।
আইন অনুযায়ী শাখা ক্যাম্পাস অবৈধ। এ কারণে ৯ সেপ্টেম্বর ইউজিসি বিজ্ঞপ্তি দিয়ে জানায়, ১২টি বেসরকারি বিশ্বিবদ্যালয় শাখা ক্যাম্পাস পরিচালনা করছে। এর মধ্যে চট্টগ্রামের সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের হালিশহর ও জিইসি ক্যাম্পাস এবং বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ও আর নিজাম রোড ক্যাম্পাস (প্রকৃত অবস্থান প্রবর্তক মোড় এলাকায়) আদালতের স্থগিতাদেশ নিয়ে অননুমোদিত ক্যাম্পাস পরিচালনা করছে। এ ছাড়া আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় ইউজিসির নির্দেশ অমান্য করে চট্টগ্রামের বহদ্দারহাট মহিলা ক্যাম্পাস পরিচালনা করছে বলে উল্লেখ করা হয়।
নতুন আরও তিনটি শাখা ক্যাম্পাসের বিষয়ে জানতে চাইলে ইউজিসির সদস্য (বেসরকারি বিশ্ববিদ্যালয়) আতফুল হাই শিবলী প্রথম আলোকে বলেন, ‘আমরা বিজিসি ট্রাস্টের বায়েিজদ এলাকার এবং ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের প্রবর্তক মোড় ক্যাম্পাসের ব্যাপারে খোঁজখবর নিচ্ছি। মূল ক্যাম্পাসের বাইরে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার ব্যাপারে আমাদের কোনো অনুমতি নেওয়া হয়নি।’
ইউআইটিএসের ব্যাপারে আতফুল হাই শিবলী জানান, ইউআইটিএস কর্তৃপক্ষ চট্টগ্রাম ও রাজশাহী ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করার কথা জানিয়েছে। তাই যাঁরা আগেই এখানে ভর্তি হয়েছেন, তাঁরা ছাড়া নতুন কোনো ভর্তি করানো হবে না বলে শাখা ক্যাম্পাসগুলো চালু রেখেছে।
জানা যায়, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস নগরের আগ্রাবাদ এলাকার গোসাইলডাঙ্গায় রুমানা হক টাওয়ারে। প্রবর্তক মোড় এলাকার আল-নূর বদরুন সেন্টারে শাখা ক্যাম্পাস চালু রেখেছে। যদিও এটিকে তারা শাখা ক্যাম্পাস না বলে ‘অ্যাডমিশন সেন্টার’ হিসেবে অভিহিত করে। মূল ক্যাম্পাসে স্থান সংকুলান না হওয়ায় বিভিন্ন বিষয়ে পাঠদানের ব্যবস্থা রাখা হয়েছে। জানা যায়, এখানে ইংরেজি, বিবিএ, এমবিএসহ বিভিন্ন বিভাগের প্রথম সেমিস্টারের পাঠদান করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান এখানেই আয়োজন করা হয় এবং পত্রিকায় প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এটিকে বিশ্ববিদ্যালয়ের প্রবর্তক সেন্টার বলে উল্লেখ করা হয়। জানতে চাইলে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শাফায়েত চৌধুরী বলেন, ‘আমরা ইউজিসির নিয়মের বাইরে কিছুই করিনি।’
নগরের বায়েিজদ এলাকায় বিজিসি ট্রাস্টের শাখা ক্যাম্পাসের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার বলেন, এটি তাঁদের সম্প্রসারিত ভবন। মূল ক্যাম্পাসের কিছু বিষয় এখানেও পড়ানো হয়৷
ইউআইটিএসের খুলশী এলাকায় শাখা ক্যাম্পাসের বিষয়ে ওই বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা বলেন, এখানে নতুন করে কোনো ভর্তি কার্যক্রম চলছে না।