চট্টগ্রামে ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ইয়াবাসহ পুলিশের এক সদস্য ও তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে নগরের পাঁচলাইশ এলাকা থেকে চারজনকে আটক করে র্যাব। পরে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার পুলিশ সদস্যের নাম উপল চাকমা। তিনি নগর পুলিশের বিশেষ শাখায় (সিটিএসবি) কনস্টেবল হিসেবে কর্মরত।
গ্রেপ্তার বাকি তিনজন হলেন—নান্টু দাশ, কামরুল ইসলাম ও গিয়াস উদ্দিন।
নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোখলেসুর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশ কনস্টেবল উপল চাকমাকে তিন সহযোগীসহ আটক করে র্যাব। তাঁদের কাছ থেকে ৫ হাজার ২৬০টি ইয়াবা উদ্ধার করা হয়।
চারজনের বিরুদ্ধে আজ শুক্রবার পাঁচলাইশ থানায় মামলা করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা এই মামলার বাদী র্যাব–৭–এর ডিএডি মো. শহিদুল আলম।