চট্টগ্রামে ইলেকট্রনিকস পণ্যের বিক্রয়কেন্দ্রে 'ছাত্রলীগের' তাণ্ডব
চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় ইলেকট্রনিকস পণ্যের একটি বিক্রয়কেন্দ্রে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের হামলায় বিক্রয়কেন্দ্রের পাঁচ কর্মী আহত হন। ছাত্রলীগের কর্মীরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রোববার এসি বাজার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিক্রয়কেন্দ্রে এই হামলার ঘটনা ঘটে।
এসি বাজার লিমিটেডের ওই বিক্রয়কেন্দ্রের কর্মী বাসু মজুমদার বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে একটি বড় ট্রাকে করে এসে ২০-২৫ জন যুবক দোকানের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান। তাঁদের হাতে ছিল রামদা, কিরিচ, রড ও লাঠি। তাঁরা দোকানের সামনে রাখা মালিকের ব্যক্তিগত গাড়ি, দোকানের সামনের কাচ, ভেতরে রাখা ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য ভাঙচুর করেন। তাঁরা দোকানের ভেতরে একটি ককটেলের বিস্ফোরণ ঘটান।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা বিক্রয়কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের লক্ষ্য করে এলোপাতাড়ি পাথর নিক্ষেপ করেন। এ সময় দুর্বৃত্তদের হাত থেকে ক্যাশবাক্স রক্ষা করতে গেলে তাঁরা কর্মচারী মিঠুন সরকার ও মো. ইমতিয়াজ ফয়সালের হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এ ছাড়া দুর্বৃত্তদের হামলায় বিক্রয়কেন্দ্রের ব্যবস্থাপক বেলায়েত হোসেন এবং কর্মচারী আল আমিন ও আমজাদ হোসেন আহত হন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা পাঁচ-সাত মিনিট ওই বিক্রয়কেন্দ্রে তাণ্ডব চালিয়ে চলে যাওয়ার সময় পাশের আরেকটি দোকানের সামনের কাচ ভাঙচুর করে।
বিক্রয়কেন্দ্রের কর্মকর্তা মো. ফরহাদ আলম বলেন, ঘটনার ১৫ মিনিট পর খুলশী থানার পুলিশ ঘটনাস্থলে আসে। তবে ওই সময় দুর্বৃত্তদের পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের ভাষ্যমতে, ছাত্রলীগের কর্মীরা এই হামলা চালিয়েছেন।
গতকাল সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, বিক্রয়কেন্দ্রের সামনে ও ভেতরে অসংখ্য ভাঙা কাচের টুকরো ছড়িয়ে-ছিটিয়ে আছে। প্রায় এক হাজার বর্গফুট আয়তনের এই বিক্রয়কেন্দ্রে সারিবদ্ধ করে রাখা ফ্রিজ, ওয়াশিং মেশিন ও ওয়াটার হিটারে ভাঙচুরের চিহ্ন। বিভিন্ন জায়গায় ছোপ ছোপ রক্তের দাগ।
বিক্রয়কেন্দ্রের মালিক জুনাব আলী বলেন, ‘গত বুধবার নগরের লালদীঘি ময়দানে ১৪ দলের সমাবেশে অংশ নেওয়া ২০-২৫ জন যুবক আমার প্রতিষ্ঠানের একটি পিকআপ ভ্যানে করে স্টেশন রোড থেকে অক্সিজেন মোড় পর্যন্ত যেতে চান। গাড়িচালক তাঁদের লালখান বাজার এলাকায় নামিয়ে দেন। যুবকেরা ওই সময় চালককে মারধর করলে স্থানীয় বাসিন্দারা তাঁদের প্রতিহত করেন। এর জের ধরে এই হামলার ঘটনা ঘটতে পারে।’
জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, নগরের ওমর গণি এমইএস কলেজের কিছু উচ্ছৃঙ্খল শিক্ষার্থী এই হামলার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তাঁদের ধরতে পুলিশের অভিযান চলছে।
হামলাকারীরা ছাত্রলীগের নেতা-কর্মী কি না—এ প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘তা জানা নেই। তদন্তে হামলাকারীদের আসল পরিচয় জানা যাবে।’
প্রসঙ্গত, ওমর গণি এমইএস কলেজ ছাত্রলীগ নিয়ন্ত্রিত।
এ বিষয়ে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম বলেন, ‘কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমার জানা নেই। তবে হামলাকারীরা যদি ছাত্রলীগের হয়ে থাকে, তাহলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
বিক্রয়কেন্দ্রের মালিক জুনাব আলীর দাবি, হামলাকারীরা বিক্রয়কেন্দ্রের ১৫-২০ লাখ টাকার মালামাল ভাঙচুর করেছেন। তাঁরা দোকানের চারটি মুঠোফোনও লুট করে নিয়ে গেছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।