চট্টগ্রামে ইয়াবা বড়িসহ পুলিশের এএসআই আটক
চট্টগ্রামে ইয়াবা বড়িসহ এক পুলিশকে আটক করা হয়েছে। নগরের সরকারি সিটি কলেজের ফটকের সামনে থেকে গতকাল শনিবার সন্ধ্যায় তাঁকে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
আটক পুলিশ সদস্যের নাম মো. রেদওয়ান। তিনি নগরের বাকলিয়া থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে কর্মরত আছেন। তাঁর কাছে ১ হাজার ৭০০ ইয়াবা বড়ি পাওয়া গেছে। একটি প্রাইভেট কারে করে যাওয়ার সময় তল্লাশি চালিয়ে তাঁকে আটক করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর প্রথম আলোকে বলেন, এএসআই রেদওয়ান বিপিএল টুর্নামেন্টের নিরাপত্তার দায়িত্বে আছেন। ২৮ নভেম্বরের পর তাঁর থানায় ফিরে আসার কথা। শনিবার সন্ধ্যায় ইয়াবাসহ তাঁকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা আটক করেছেন।
এ বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ইয়াবাসহ আটক হওয়ায় এএসআই মো. রেদোয়ানকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে।
ইয়াবাসহ পুলিশ আটকের খবর পেয়ে সাংবাদিকেরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো অঞ্চলের কার্যালয়ে গেলে ঢুকতে দেওয়া হয়নি। কর্মকর্তাদের সঙ্গে নগর পুলিশের কর্মকর্তাদের বৈঠক করতে দেখা গেছে। বৈঠক শেষে নগর পুলিশের উপকমিশনার মো. মোস্তাইন বিল্লাহ প্রথম আলোকে বলেন, ইয়াবাসহ এক পুলিশ সদস্য আটকের খবর শুনে তাঁরা এসেছেন।
তবে মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তারা পুলিশ আটকের বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।