চট্টগ্রামে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ২০ হাজার ইয়াবা বড়িসহ পুলিশের এক কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে নগরের কর্ণফুলী মইজ্জারটেক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার হওয়া কনস্টেবল নাজমুল হোসেন (২৮) কক্সবাজারের চকরিয়া থানার মাতামুহুরী পুলিশ ফাঁড়িতে কর্মরত।
নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহজাহান ভূঁইয়া জানান, বৃহস্পতিবার রাতে কর্ণফুলী মইজ্জারটেক এলাকায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালানোর সময় একটি ট্রলি ব্যাগে ২০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাজমুল হোসেন ও তাঁর সহযোগী মোশাররফ হোসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন, ইয়াবাগুলো বিক্রির জন্য কক্সবাজার থেকে চট্টগ্রামে আনা হচ্ছিল।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (উত্তর) মো. মঈনুদ্দীন প্রথম আলোকে জানান, গ্রেপ্তার হওয়া কনস্টেবল নাজমুল হোসেন চকরিয়া থানার মাতামুহুরী পুলিশ ফাঁড়িতে কর্মরত। গ্রেপ্তার দুজনকে আসামি করে নগরের কর্ণফুলী থানায় মামলা হয়েছে।