চট্টগ্রামে উপহারের বিনিময়ে আঙুলের ছাপ সংগ্রহ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেমাই, চিনি ও নুডলস উপহার দিয়ে চট্টগ্রাম নগরের রৌফাবাদ এলাকায় প্রায় এক হাজার মানুষের আঙুলের ছাপ ও জাতীয় পরিচয়পত্রের নম্বর কেন সংগ্রহ করা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত একটি চক্র এ কাজ করে। উপহার পাওয়া লোকজন বেশির ভাগই নিম্ন আয়ের।
আঙুলের ছাপ ও জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে নতুন সিম নিবন্ধন করে তা অবৈধ কাজে ব্যবহার করার জন্যই চক্রটি এ কাজ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুজনকে ঈদের পরে রিমান্ডে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানার চেষ্টা করবে পুলিশ।
এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহসীন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, প্রতারক চক্রের দুই সদস্য মো. এমরান ও মো. খলিলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছে আঙুলের ছাপ সংগ্রহের সরঞ্জাম পাওয়া গেছে। দুজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে জাকিয়া আক্তার নামের এক নারী বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের জিজ্ঞাসাবাদ করতে আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। ঈদের পরে রিমান্ডের শুনানি অনুষ্ঠিত হবে।
ওসি মুহসীন বলেন, রৌফাবাদ এলাকায় মুঠোফোনের দোকান রয়েছে গ্রেপ্তার হওয়া এমরানের।
প্রতারণার বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি মোহাম্মদ অছিয়র রহমান গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সিম নিবন্ধনের জন্যই আঙুলের ছাপ ও জাতীয় পরিচয়পত্রের নম্বর সংগ্রহ করেছে প্রতারক চক্র। পরে ওই সিম অবৈধ কোনো কাজে ব্যবহার করা হতে পারে। পুলিশের উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা।