চট্টগ্রামে এক এএসআইকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক ব্যবসায়ীকে বাসা থেকে ডেকে নিয়ে নির্যাতন ও টাকা আদায়ের অভিযোগ তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়ায় এক পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। তাঁর নাম এমদাদুল হক। তিনি নগরের ইপিজেড থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে দায়িত্বরত ছিলেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নগর পুলিশ কমিশনার মো. আবদুল জলিলের নির্দেশে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

আজ প্রথম আলোতে ‘পুলিশের বিরুদ্ধে ব্যবসায়ীকে নির্যাতনের অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

নগর পুলিশের অতিরিক্ত উপ কশিমনার (বন্দর) জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, মো. সোলায়মান নামের এক ব্যবসায়ীকে নির্যাতনের সংবাদ প্রকাশিত হওয়ার পর পুলিশ কমিশনারের নির্দেশে তদন্ত শুরু হয়। তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় ইপিজেড থানার এএসআই এমদাদুল হককে দায়িত্ব থেকে সরিয়ে দামপাড়া পুলিশ লাইনে পাঠানো হয়েছে। তদন্ত শেষ হওয়ার পর তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

বন্দর থানাধীন কলসিদিঘীর পাড় এলাকার বাসিন্দা ব্যবসায়ী মো. সোলায়মান। গত মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে সাদাপোশাকধারী চার ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাঁর বাসায় যান। জরুরি কথা আছে বলে তাঁরা মোটরসাইকেলে করে তাঁকে ইপিজেডের পশ্চিমে বেড়িবাঁধ এলাকায় নিয়ে যান। সেখানে তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে এএসআই এমদাদ তাঁকে বলেন, ‘তিন লাখ টাকা দিবি, নইলে ক্রসফায়ারে দেব।’ ঘণ্টা খানেক পর তাঁকে ইপিজেড থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর কাছে এক লাখ টাকা দাবি করা হয়। পরে ১৫ হাজার টাকা নিয়ে রাত সাড়ে ১১টায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। ওই টাকা তাঁর এক আত্মীয় থানায় নিয়ে যান।