চট্টগ্রামে এক কেজি আফিমসহ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চকবাজারে একটি হোটেলের সামনে থেকে গত মঙ্গলবার রাতে এক কেজি আফিমসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মকবুল আহমেদ (৫৫), জিল্লুর করিম (৪৯), মাহবুবুল আলম (৩৮) ও মো. সোহেল (২৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপপরিচালক মো. আসলাম খান প্রথম আলোকে বলেন, নগরের চকবাজার এলাকায় আফিমের কেনাবেচা চলছে, এমন খবর পেয়ে একটি হোটেলের সামনে থেকে হাতেনাতে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে এক কেজি আফিম জব্দ করা হয়, যার বাজারমূল্য ২০-৩০ লাখ টাকার মতো।
এ ঘটনায় অধিদপ্তরের বন্দর সার্কেলের পরিদর্শক ব্রজলাল চাকমা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলাটি তদন্ত করছেন কোতোয়ালি সার্কেলের পরিদর্শক ইব্রাহীম খান।
মো. আসলাম খান বলেন, কে বা কাঁরা গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আফিম দিয়েছেন, তা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়নি। সেলিম নামের এক ব্যক্তির নাম বললেও তাঁর পূর্ণাঙ্গ ঠিকানা দিতে পারেননি। তিনি আরও বলেন, এই চারজনের বিরুদ্ধে অন্য কোনো থানায় মামলা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এঁদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের গতকাল আদালতে হাজির করা হলে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন মহানগর হাকিম নওরীন আক্তার কাঁকন। আসামিদের জামিনের জন্য আবেদন করা হয়নি। রিমান্ডে নেওয়ার আবেদনও পাওয়া যায়নি।