চট্টগ্রামে এক লাখ ৮০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ হিল ভিউ হাউজিং সোসাইটি এলাকার একটি বাসা থেকে আজ শুক্রবার ভোররাতে এক লাখ ৮০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে র‌্যাব। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। র‍্যাবের দাবি, উদ্ধার হওয়া ইয়াবার মূল্য পাঁচ কোটি ৬০ লাখ টাকা।

আটক হওয়া ব্যক্তিরা হলেন সৈয়দ কাশেম, সম্রাট শিকদার ও রবিউল বারী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক সোহেল মাহমুদ প্রথম আলোকে বলেন, আজ ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল হিল ভিউ হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালায়। এ সময় সৈয়দ কাশেমের বাড়ি থেকে এক লাখ ৮০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য পাঁচ কোটি ৬০ লাখ টাকা।

আটক হওয়া ব্যক্তিরা র‌্যাবের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা পাচারকারী—এমনটা দাবি করে সোহেল মাহমুদ আরও বলেন, ঈদ ও পূজা উপলক্ষে সারা দেশে সরবরাহের জন্য ইয়াবাগুলো সৈয়দ কাশেমের বাসায় মজুত করা হয়। এ ঘটনায় পাঁচলাইশ থানায় মামলার প্রস্তুতি চলছে।