চট্টগ্রামে এক হাজার ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বাকলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক হাজার ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে শাহ আমানত সেতু ও তুলাতলি হাফেজ নগর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার আবদুল মোনাফের ছেলে মো. শাহজাহান (২১) ও একই জেলার নুর মোহাম্মদের ছেলে মো. ইমাম হোসেন (৩৮)।

পুলিশ জানায়, কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় দিবাগত রাত তিনটার দিকে শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে এক হাজার ইয়াবা বড়িসহ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়। বাসটি কক্সবাজার থেকে চট্টগ্রাম ঢুকছিল। রাত সাড়ে তিনটার দিকে বাকলিয়ার তুলাতলি এলাকা থেকে ৪২টি ইয়াবা বড়িসহ মো. ইমাম হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে সেতু এলাকায় শ্যামলী বাসটি থামিয়ে শাহজাহানকে ও তুলাতলি এলাকা থেকে ইমামকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে বাকলিয়া থানায় দুটি পৃথক মামলা হয়েছে।