চট্টগ্রামে একটি আঞ্চলিক পত্রিকার প্রতিবেদককে খুঁটির সঙ্গে বেঁধে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে একটি আঞ্চলিক পত্রিকার প্রতিবেদককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। গতকাল বৃহস্পতিবার সকালে নগরের লালখান বাজারের মতিঝর্না এলাকায় এ ঘটনা ঘটে। আহত নুরুল আলম চট্টগ্রাম থেকে বের হওয়া আঞ্চলিক পত্রিকা দৈনিক সাঙ্গুর প্রতিবেদক। তাঁকে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন নুরুল আলম প্রথম আলোকে বলেন, গতকাল সকাল ১০টায় লালখান বাজার এলাকার বাসা থেকে বের হয়ে মোমিন রোডের পত্রিকা কার্যালয়ে যাচ্ছিলেন তিনি। পথে কয়েকজন সন্ত্রাসী তাঁর গতিরোধ করে। একপর্যায়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রড ও লাঠি দিয়ে পেটায় তারা। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
নুরুল আলমের সহকর্মী মানস চৌধুরী প্রথম আলোকে বলেন, মতিঝর্না এলাকার বিভিন্ন অনিয়ম নিয়ে তাঁদের পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এসব প্রতিবেদন প্রকাশের কারণে নুরুল আলমের ওপর ক্ষিপ্ত হন এলাকার কিছু ব্যক্তি। এর জের ধরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে তাঁকে পেটানো হয়।
এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘নুরুল আলমকে মারধর করার খবর আমরা পেয়েছি। মামলা হলে আমরা আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’