হাইকোর্টের নির্দেশের পরও চট্টগ্রামে নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা চলছে। পুলিশ কিংবা বিআরটিএ এসবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তবে তারা বলছে, আদালতের আদেশ হাতে পেলেই তারা ব্যবস্থা নেবে।
চট্টগ্রাম মহানগরে চলাচলকারী নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা জব্দ করার জন্য গত বৃহস্পতিবার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
নম্বরবিহীন অটোরিকশার পক্ষে করা এক রিট আবেদন খারিজ করে হাইকোর্ট পূর্ণাঙ্গ রায় দেন। হাইকোর্টের বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিটটি খারিজ করে দেন। জানতে চাইলে বিআরটিএর আইনজীবী মো. রাফিউল ইসলাম বলেন, মহামান্য হাইকোর্ট আবেদন খারিজ করে পুলিশকে এসব গাড়ি চলতে দেখলে জব্দ করার নির্দেশ দিয়েছেন। এটি একটি পূর্ণাঙ্গ রায়।
চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ ২০১৩ সালের নভেম্বর মাসে এই রিট আবেদন করেন। তখন হাইকোর্ট এক নির্দেশনায় এসব অটোরিকশা চলাচলে বাধা না দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
রিট আবেদনকারী হারুনুর রশীদ বলেন, ‘আমরা দুই দিনের মধ্যে আপিল করব। চট্টগ্রাম নগরে ৪ হাজার নম্বরবিহীন অটোরিকশা রয়েছে। রায় হলেও এখনো এগুলো চলছে।’
সরেজমিনে দেখা গেছে, রিট খারিজ হওয়ার পরও চট্টগ্রামের রাস্তায় এখনো দাপিয়ে বেড়াচ্ছে নম্বরবিহীন অটোরিকশা। ‘এএফআর’, ‘চট্ট মেট্রো-গ-১২’ ইত্যাদি লিখে এসব অটোরিকশা চালানো হচ্ছে।
তবে আদালতের রায়ের আগেও মন্ত্রণালয় থেকে গত ৩১ মার্চ এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ছিল। আদালতের নির্দেশের কারণে তখন ব্যবস্থা নেওয়া যায়নি বলে জানা গেছে।
জানতে চাইলে চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মো. মাসুদুল হাসান বলেন, ‘আমি শুনেছি তাদের রিট খারিজ হয়ে গেছে। আদালতের কাগজ হাতে পেলেই আমরা ব্যবস্থা নেব।’
বিআরটিএর সহকারী পরিচালক তৌহিদ হাসান বলেন, ‘কী পরিমাণ অটোরিকশা নম্বর ছাড়া চলছে আমাদের জানা নেই। আর রায়ের বিষয়েও আমরা এখনো অবগত নই। যদি আদেশ পাই তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’