চট্টগ্রামে ওষুধের কারখানা সিলগালা, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে লাইসেন্স না নিয়ে ওষুধ তৈরি, বাজারজাত ও মজুত করায় নগরের পুরাতন স্টেশন রোড এলাকায় নোয়াখালী দাওয়াখানা নামের একটি ইউনানী ওষুধের ডিপো সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মোহাম্মাদ রুহুল আমীন এ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে ওষুধ প্রশাসনের চট্টগ্রামে তত্ত্বাবধায়ক কে এম মুহসীনিন মাহবুব সঙ্গে ছিলেন।
নির্বাহী হাকিম মোহাম্মাদ রুহুল আমীন জানান, অভিযানে দেখা গেছে তারা লাইসেন্স ছাড়া ‘বাদিয়ান’ নামের একটি ওষুধ তৈরি করে বিক্রি করছে। তারা ‘হাব্বে সুরাঞ্জান’ নামের আরেক ধরনের ওষুধ বাজারে বিক্রি করে যেগুলোর উপাদান, মেয়াদ বা উৎপাদনকারীর নাম উল্লেখ নেই। সাধারণত ফুটপাতে সর্বরোগের ওষুধ হিসেবে এগুলো বিক্রি হয়। এ রকম ৩১০ কৌটা ওষুধ জব্দ করা হয়েছে। এ ছাড়া ওষুধের কারখানাটিতে মেয়াদোত্তীর্ণ ৩৮ বোতল মধু পাওয়া গেছে।
আইন ভঙ্গ করে ওষুধ উৎপাদন ও মজুত করায় কারখানাটি সিলগালা ও জরিমানা করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।