চট্টগ্রামে ওসির বিরুদ্ধে বিক্ষোভ, পুলিশের রেকার ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের সাবেক এক নেতা ও তাঁর স্ত্রীকে মারধর এবং থানায় আটকে রাখার অভিযোগে চট্টগ্রাম নগরের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন নেতা-কর্মীরা। গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে ক্ষুব্ধ নেতা-কর্মীরা সদরঘাট থানা এলাকায় ট্রাফিক পুলিশের একটি রেকারসহ কয়েকটি গাড়ি ও দোকান ভাঙচুর করেন। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বিক্ষোভের সময় ক্ষুব্ধ নেতা-কর্মীরা সদরঘাট থানার সাইনবোর্ড লক্ষ্য করে পাথর ছুড়ে মারেন। এ সময় নগরের সদরঘাট-নিউমার্কেট সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভের পর সন্ধ্যার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক পরিবেশ-বিষয়ক উপসম্পাদক আবদুর রহিম ও তাঁর স্ত্রীকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার তদন্তে পুলিশের পক্ষে এক সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
পুলিশ ও ছাত্রলীগের একটি সূত্র জানায়, গতকাল দুপুরে সদরঘাট এলাকায় একটি হোটেলে যান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক পরিবেশ-বিষয়ক উপসম্পাদক আবদুর রহিম ও তাঁর স্ত্রী। তাঁদের পরিচিত কয়েকজন ব্যক্তি তখন ওই হোটেলে অবস্থান করছিলেন। তাঁরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে এসেছিলেন। হোটেলের অদূরে ফিরিঙ্গিবাজার এলাকায় রহিমের বাসা। বেলা তিনটায় ওই হোটেলে যান সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ভূঁইয়া। রহিমের বিরুদ্ধে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ করেন ওসি। একপর্যায়ে রহিম ও তাঁর স্ত্রীকে মারধর করা হয়। পরে দুজনকে থানায় নিয়ে যান ওসি। এ খবর ছড়িয়ে পড়লে থানা-সংলগ্ন সিটি কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা নিউমার্কেট-সদরঘাট সড়কে অবস্থান নেন। এ সময় ট্রাফিক পুলিশের একটি রেকার, কয়েকটি অটোরিকশা এবং দুটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সদরঘাট ও নিউমার্কেট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ জয়নাল প্রথম আলোকে বলেন, ‘আমাদের একজন সাবেক কেন্দ্রীয় নেতা ও তাঁর স্ত্রীকে মারধরের ঘটনায় ছেলেদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পুলিশ যা ইচ্ছে তা করতে পারে না। আমরা ওসির অপসারণ চাই।’
এ বিষয়ে সদরঘাট থানার ওসি মাইনুল ইসলাম ভূঁইয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কম দামের হোটেলে ছাত্রলীগের নেতা স্ত্রীকে নিয়ে উঠবেন, এটা কি বিশ্বাসযোগ্য? তাঁদের পরিচয় জানতে চাইলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করেন রহিম। এ কারণে ওই নারীসহ রহিমকে থানায় নিয়ে আসি।’
ওসি বলেন, রহিমকে আটকের খবরে সিটি কলেজের ছেলেরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। তাঁরা রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেন।
মারধরের শিকার সাবেক ছাত্রলীগ নেতা আবদুর রহিম প্রথম আলোকে বলেন, ‘আমাদের এক বন্ধুর বিয়ে উপলক্ষে ঢাকার কয়েকজন বন্ধু সদরঘাটের আল ইসলাম হোটেলে ওঠেন। আমি আমার স্ত্রীকে নিয়ে ওই হোটেলে বন্ধুদের সঙ্গে দেখা করতে যাই। ওসি মাইনুল হোটেলে এসে এক কর্মীকে চড়-থাপ্পড় দিয়ে বলেন, “তোদের হোটেলে এরা কারা?” এ সময় আমি ওসি মাইনুলকে ভাই বলে সম্বোধন করে বাধা দেওয়ার চেষ্টা করি। তখন আমার পরিচয় জানতে চান ওসি।’
আবদুর রহিম বলেন, ‘পরিচয় দেওয়ার পর ওসি বলেন, “তুই লতিফের (সাংসদ এম এ লতিফ) বিরুদ্ধে করা মামলার বাদী। তোকে আমি খুঁজছি।” এই বলে আমাকে মারধর শুরু করেন তিনি। আমার স্ত্রী বাধা দিলে তাঁকেও মারধর করেন। এরপর আমার স্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করে আমাদের দুজনকেই থানায় নিয়ে যান। সেখানেও মারধর করা হয়।’
বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার ঘটনায় চট্টগ্রামের সাংসদ এম এ লতিফের বিরুদ্ধে গত মাসে মানহানির মামলা করেছিলেন আবদুর রহিম।
পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল জলিল মণ্ডল প্রথম আলোকে বলেন, সদরঘাট থানার ওসির সঙ্গে আবদুর রহিমের ভুল-বোঝাবুঝি হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টির তদন্তে কোতোয়ালি অঞ্চলের এসিকে (সহকারী কমিশনার) তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।