চট্টগ্রামে ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র দাখিল করা হয়।
দুদক সূত্রে জানা গেছে, জাল দলিল ও খতিয়ান দেখিয়ে ২০০০ সালে আগ্রাবাদে সুলতানা বেগম (প্রয়াত) নামের এক নারীর থাকা জায়গা আরেক পক্ষের কাছে ১০ বছরের জন্য বায়না করেন এ জে এম ইলিয়াছ ভুইয়া ও মো. খলিল মিয়া নামের দুই ব্যক্তি। এরপর তাঁরা সুলতানা বেগমের নামে ভুয়া জাতীয়তা সনদ দেখিয়ে ৫০ হাজার টাকা আত্মসাৎ করেন ও আরও ১০ লাখ টাকা আত্মসাতের চেষ্টা করেন। এই দুই ব্যক্তিকে ভুয়া জাতীয়তা সনদ দেন আগ্রাবাদ ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ইসলাম।
এ ঘটনায় দুদক (তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো) বাদী হয়ে ২০০২ সালে ডবলমুরিং থানায় মামলা করে। দীর্ঘ তদন্তের পর এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হলো। অভিযোগপত্রে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।