চট্টগ্রামে কলেজছাত্র খুনের ঘটনায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কলেজছাত্র রিমন দেব (২০) খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম জনি ওরফে মামুন (১৯)। আজ রোববার রাতে নগরের কর্ণফুলী থানার ডাঙ্গারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ইপিজেড এলাকায় একটি জুতা কারখানায় কাজ করেন।

নগরের ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাহমুদ রাতে প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কলেজছাত্র খুনের মামলার এজাহারভুক্ত আসামি জনিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
গতকাল শনিবার রাতে ইপিজেড এলাকায় রিমন দেবকে ছুরিকাঘাত করে খুন করা হয়। এ ঘটনায় নিহতের বড়ভাই রুবেল দেব বাদী হয়ে জনিকে আসামি করে রাতে থানায় একটি হত্যা মামলা করেন। পূর্ব শত্রুতার জের ধরে এ খুনের ঘটনা ঘটেছে বলে এজাহারে উল্লেখ করা হয়। নিহত রিমন ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক শাখার ছাত্র। তার বাসা পতেঙ্গা থানার কাঠগড় এলাকায়।