চট্টগ্রামে কিরিচ বাবুল গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী দিদারুল হক ওরফে কিরিচ বাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে নগরের বাকলিয়া খেজুরতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নগরের বাকলিয়া থানার ইমন হত্যা মামলায় গত ১১ জুলাই কারাগার থেকে জামিনে মুক্তি পান বাবুল।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, খেজুরতলা এলাকায় মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ এমরানের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন—এমন অভিযোগের ভিত্তিতে কিরিচ বাবুলকে ৫৪ ধারায় গ্রেপ্তার করেছে পুলিশ। তবে বাবুল দাবি করেছেন, তিনি চাঁদা চাননি। ওসি মোহাম্মদ মহসিন আরও জানান, হঠাত্ অসুস্থ হয়ে পড়ায় বাবুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থ হলে তাঁকে আদালতে পাঠানো হবে। এ ঘটনায় বাবুলের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, বাবুলের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, জবরদখলসহ নগরের বাকলিয়া ও চকবাজার থানায় ২৪টি মামলা রয়েছে।