চট্টগ্রামে কিশোরের সব কেড়ে চলন্ত বাস থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা

রাত তখন সাড়ে ১২টা কি ১টা। চট্টগ্রাম নগরের অলঙ্কার মোড় এলাকায় ভাটিয়ারিগামী একটি বাস দাঁড়িয়ে ছিল। বাসে বেশ কয়েকজন যাত্রী দেখে গাড়িতে উঠে বসে নোয়াখালী থেকে বেড়াতে আসা স্কুলছাত্র ইলিয়াস হোসেন (১৬)। কিছুক্ষণ যাওয়ার পর বাসের ওই যাত্রীরা গামছা দিয়ে ইলিয়াসের মুখ বেঁধে সবকিছু কেড়ে নিয়ে চলন্ত বাস থেকে তাকে ফেলে দেয়। এ দৃশ্য দেখতে পান বাসটির পেছনে থাকা একটি ব্যক্তিগত গাড়ির চালক।
গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি ইউনিয়নের টবাকো গেট এলাকায় এ ঘটনা ঘটে।
ইলিয়াসকে গাড়ি থেকে ফেলে দেওয়ার দৃশ্য দেখার পর পিছু নেন ওই ব্যক্তিগত গাড়ির চালক। তিনি ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সামনে এসে গাড়িটিকে আটকান। পরে পুলিশে খবর দেন। পুলিশ আসতে দেখে গাড়িতে থাকা চক্রটির সবাই পালিয়ে গেলেও চালক মো. ইব্রাহিম ধরা পড়েন। পরে তাঁকে নিয়ে অভিযান চালিয়ে সাতজনকে আটক করে পুলিশ। তারা হলো রবিউল, আরিফ, আরমান, রাকিব, মাসুদ, আল আমিন ও সোহেল।
ঘটনার শিকার ইলিয়াস হোসেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা নুর আলমের ছেলে। সে গোপালপুর আলী হায়দার উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
ইলিয়াস হোসেন প্রথম আলোকে বলেন, তার চাচা নুর করিম সীতাকুণ্ডের গুল আহম্মদ জুট মিলসে চাকরি করেন। থাকেন ছোট কুমিরা এলাকায়। সেখানে সে এই প্রথম বেড়াতে আসছিল। ছোট কুমিরায় না নেমে সে ভুল করে অলঙ্কারে চলে যায়।
ইলিয়াসের ভাষ্য, অলঙ্কার থেকে ছোট কুমিরা আসার জন্য বাসটিতে উঠে প্রথমে সে চালকের পাশে বসে। চক্রটির একজন এসে তাকে পেছনে বসতে বলার পর পেছনের দিকে যেতেই তার মুখ বেঁধে অন্যরা মারধর করে। এ সময় তার কাছে থাকা ২০ হাজার টাকা, দুটি মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে নেয় ছিনতাইকারীরা। পরে চলন্ত গাড়ি থেকে ফেলে দেয়। তবে সে রাস্তায় পড়তে গিয়েও দাঁড়িয়ে যায়। এরপর সে বাসের পিছু পিছু দৌড়াতে থাকে। ওই ২০ হাজার টাকা পরিবার থেকে চাচার জন্য পাঠিয়েছিল।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ আরেকটি গাড়ি পাঠিয়ে ইলিয়াসকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আজ সকালে সে পুলিশ ফাঁড়িতে আসে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ছিনতাইকারীদের একজন চালক মো. ইব্রাহিমের ভাষ্য, তাঁকে রবিউল ও আল আমিন ছিনতাইয়ের কাজে সহযোগিতা করতে বাধ্য করেছে। প্রথমে রাজি না হওয়ায় গাড়ির চাবিও নিয়ে নেয়। আর রবিউলের ভাষ্য, তাকে আরিফ নামে একজন ভাটিয়ারি যাওয়ার নাম করে নিয়ে আসে।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ট্রাফিক পরিদর্শক (টিআই) রফিক আহম্মদ মজুমদার বলেন, আটক আটজনকে আজ বৃহস্পতিবার সকালে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
সার্জেন্ট সাইফুল ইসলাম বলেন, আটককৃত চক্রের সদস্যরা আন্তজেলা ছিনতাইকারী। তারা গভীর রাতে ১০-১২ জন একসঙ্গে গাড়িতে থেকে বাসে একা যাত্রী পেলে এভাবে ছিনতাই করে।