চট্টগ্রামে কুপিয়ে তরুণকে হত্যা

চট্টগ্রাম নগরের আকবর শাহ থানাধীন লেকসিটি গেট এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক তরুণের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. ইয়াছিন ওরফে মনার (২২)। বাড়ি জিয়া নগর এলাকায়। আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে এই খুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত ইয়াছিনের মা হালিমা বেগম প্রথম আলোকে বলেন, শনিবার রাত ১০টার দিকে বাসা থেকে বের হয়ে আধা কিলোমিটার দূরে লেকসিটি গেট এলাকায় একটি চায়ের দোকানে যায় তাঁর ছেলে। এ সময় মো. হোসেন নামের এক ব্যক্তি লোকজন নিয়ে এসে ইয়াছিনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে খবর পেয়ে ছেলেকে হাসপাতালে নিয়ে যান তাঁরা। সেখানে চিকিৎসক ইয়াছিনকে মৃত ঘোষণা করেন।
হালিমার দাবি, তাঁর ছেলে দিনমজুর। কোনো অপরাধের সঙ্গে জড়িত নয়। হোসেনের অন্যায় কাজের প্রতিবাদ করায় তাঁর ছেলেকে খুন করা হয়েছে। তিনি ছেলে হত্যার বিচার চান।
ইয়াছিনের বিরুদ্ধে ভাঙচুর ও চাঁদাবাজির মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
খুনের ঘটনায় হালিমা বেগম বাদী হয়ে গতকাল সন্ধ্যায় মো. হোসেন ও মো. ফরহাদসহ ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। এদের মধ্যে হোসেন ও ফরহাদকে শনিবার রাতেই আকবর শাহ এলাকা থেকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ইয়াছিন হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। সোমবার তাদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে। এলাকায় আধিপত্য বিস্তারের জেরে এই খুনের ঘটনা ঘটেছে। নিহত ইয়াছিন ও গ্রেপ্তার দুই আসামি এলাকায় ছিঁচকে সন্ত্রাসী হিসেবে পরিচিত। খুনের ঘটনায় জড়িত বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।