চট্টগ্রামে ক্যানটিন কর্মচারী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীদের ক্যানটিনের এক কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটে।
নিহত কর্মীর নাম মো. ফরহাদ (১৯)। তাঁর গ্রামের বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে। দুই বছর ধরে তিনি ওই ক্যানটিনে কাজ করছিলেন। একটি মুঠোফোন সেট চুরি নিয়ে বিরোধের জেরে ক্যানটিনের সাবেক কর্মী মাসুদ ছুরিকাঘাত করে ফরহাদকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ক্যানটিনটি হাসপাতালের প্রধান ফটকের বিপরীতে অবস্থিত। বাবুল সওদাগর নামের এক ব্যক্তি এটি পরিচালনা করেন।
পাঁচলাইশ থানার এসআই হাসান আলী জানান, ঘটনার পর থেকে মাসুদ পলাতক। তাঁকে আটকের চেষ্টা চলছে।
নিহত ফরহাদের সহকর্মীদের বর্ণনামতে, কয়েক মাস আগে ফরহাদের মুঠোফোন সেট চুরি হয়। তখন মাসুদও ক্যানটিনে কাজ করতেন। মাস খানেক আগে তিনি কাজ ছেড়ে দেন। তবে প্রায়ই ক্যানটিনে আসতেন। চুরি যাওয়া মুঠোফোন সেটটি মাসুদের কাছে রয়েছে জানতে পেরে ফরহাদ তাঁকে জেরা করেন। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ চলছিল। মাসুদ গতকাল সকাল ছয়টার দিকে হঠাৎ ক্যানটিনে এসে ফরহাদকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। কেউ কিছু বুঝে ওঠার আগেই এ ঘটনা ঘটায় তাঁকে ধরা যায়নি। পরে গুরুতর আহত ফরহাদকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহিরুল ইসলাম জানান, ফরহাদের বুকে ছুরিকাঘাতের দুটি চিহ্ন রয়েছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে যায়। তখন ক্যানটিনের পরিচালক বাবুল সওদাগর ছিলেন না। পুলিশ চলে যাওয়ার পর ক্যানটিনটিতে তালা লাগিয়ে দেন কর্মচারীরা।