চট্টগ্রামে ক্লিনিকে আগুন, আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার মির্জারপুল এলাকার একটি বেসরকারি ক্লিনিকের জেনারেটরের কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
সূত্র জানায়, গতকাল শনিবার বেলা সোয়া দুইটার দিকে ডেল্টা হেলথ কেয়ার লিমিটেড নামের ওই ক্লিনিকের নিচতলার জেনারেটরের কক্ষে আগুন ধরে যায়। এতে পুরো নিচতলা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। নিচতলার জরুরি বিভাগে থাকা দুই রোগী আগুন দেখে বের হয়ে আসেন। এ ছাড়া আতঙ্কে দোতলা থেকেও কয়েকজন রোগীকে নিচে নামিয়ে আনেন স্বজনেরা। ওই সময় হাসপাতালে ৪০ জনের মতো রোগী ছিল।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। কিন্তু তার আগেই হাসপাতালের লোকজন অগ্নিনির্বাপক যন্ত্র এবং পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
ক্লিনিকের পরিচালক ইফতেখারুল ইসলাম বলেন, ‘জেনারেটর অত্যধিক গরম হয়ে যাওয়ায় হঠাৎ আগুন ধরে যায়। আমরা সঙ্গে সঙ্গে তা নিভিয়ে ফেলি। এ সময় আতঙ্কে দু-একজন রোগী নেমে আসেন। পরে তাঁদের আবার শয্যায় নেওয়া হয়েছে।’
বসতঘরে আগুন: গতকাল বেলা তিনটার দিকে নগরের দক্ষিণ হালিশহর এলাকার একটি বাড়ির তিনটি কাঁচা বসতঘরে আগুন লাগে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি বিকেল সোয়া পাঁচটার দিকে আগুন নেভায়। অগ্নিকাণ্ডে এক লাখ টাকার ক্ষতি হয়েছে।