চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের অদূরে ককটেল বিস্ফোরণ
জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায়ের পর চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিলের অদূরে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। আজ রোববার বেলা পৌনে একটার দিকে নগরের কে সি দে সড়কে এ ঘটনা ঘটে।
ককটেল বিস্ফোরণের স্থান থেকে মিছিলটি ১০ গজ দূরে ছিল। ঘটনায় মো. রফিক নামের এক রিকশাচালক আহত হন। তাঁকে নগরের জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
জানা গেছে, মীর কাসেম আলীর ফাঁসির রায় ঘোষিত হওয়ার পর গণজাগরণ মঞ্চের কর্মীরা নগরের চেরাগী পাহাড় থেকে মিছিল বের করেন। এর আগে সকাল থেকে কর্মীরা চেরাগী পাহাড় এলাকায় জমায়েত হন। মিছিলটি আন্দরকিল্লা হয়ে ডালিম হোটেলের পাশ দিয়ে বেলা পৌনে একটার দিকে কে সি দে সড়কে পৌঁছে। এ সময় মিছিলের ১০ গজ সামনে হঠাৎ করে একটি ককটেল বিস্ফোরিত হয়।
প্রত্যক্ষদর্শী গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান বলেন, ‘মিছিল থেকে কিছু দূরে ককটেলটি বিস্ফোরিত হয়। এ সময় একজন রিকশাচালক আহত হন। রিকশার দুই আরোহী লাফ দিয়ে নেমে যান।’
শরীফ চৌহান জানান, বিস্ফোরণের পর গণজাগরণ মঞ্চের কর্মীরা মিছিল নিয়ে শহীদ মিনারে পৌঁছান। এর আগে মিছিলকারীরা মীর কাসেমের নির্যাতন সেল ডালিম হোটেলের সামনে সমাবেশ করেন। ডালিম হোটেলকে যুদ্ধকালীন স্মৃতি হিসেবে সংরক্ষণের দাবি জানান তাঁরা।