চট্টগ্রামে গাছ কেটে বিলবোর্ড স্থাপন!
চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় প্রায় চারতলার সমান উচ্চতার একটি বিলবোর্ড বসানো হচ্ছে। এ জন্য স্থাপন করা হয়েছে বড় আকৃতির খুঁটি। বিশাল আকারের এ বিলবোর্ড বসানোর জন্য দুটি গাছের অংশবিশেষ কাটা হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের অনুমতি না নিয়ে এ বিলবোর্ড স্থাপনের প্রক্রিয়া চলছে। তবে কারা এর সঙ্গে জড়িত, তা খুঁজে বের করতে পারেনি করপোরেশনের রাজস্ব বিভাগ। মিলিটারি এস্টেট বিভাগ এ জায়গার মালিক বলে জানায় করপোরেশন।
করপোরেশনের সাইনবোর্ড স্থাপনের নীতিমালার ৭ নম্বর ধারা অনুযায়ী, নগরের বিভিন্ন স্থানে গাছের চারা কিংবা গাছের ক্ষতি করে কোনো ধরনের সাইনবোর্ড স্থাপন করা যাবে না। এ ছাড়া নীতিমালা ১৪ নম্বর ধারা অনুযায়ী, সরকারি, স্বায়ত্তশাসিত, ব্যক্তিমালিকানাধীন জায়গায় সাইনবোর্ড ও বিলবোর্ড স্থাপন করা হলে সংশ্লিষ্ট জায়গার মালিক বা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে অনুমতিপত্র বা চুক্তিপত্রের সত্যায়িত ফটোকপি মডেল ট্যাক্স পরিশোধের সময় সংযোজন করতে হবে।
অবৈধভাবে বিলবোর্ড স্থাপনের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিদর্শক (সাইনবোর্ড) আবুল মনসুর। তিনি প্রথম আলোকে বলেন, ‘এক-এগারোর পর আসা তত্ত্বাবধায়ক সরকারের সময় ওই জায়গায় থাকা বিলবোর্ডটি অপসারণ করা হয়েছিল। জায়গা মিলিটারি এস্টেট বিভাগের হওয়ায় আমরা কাউকে সেখানে বিলবোর্ড স্থাপনের অনুমতি দিইনি।’
মিলিটারি এস্টেট বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘আমাদের জায়গায় কাউকে বিলবোর্ড বসানোর অনুমতি দিইনি। আগে একবার উচ্ছেদ করা হয়েছিল, সম্প্রতি আবারও বিলবোর্ড বসানো হচ্ছে।’
সরেজমিনে দেখা গেছে, টাইগারপাস এলাকার পুলিশ বক্সের সামনে এই বিলবোর্ড স্থাপন করা হচ্ছে। প্রাথমিক পদক্ষেপ হিসেবে দুটি বড় আকৃতির খঁুটি বসানো হয়েছে। এ জন্য পাশের গাছগুলোর ডালপালা কেটে ফেলা হয়েছে। বিলবোর্ডের পাশে পুলিশ বক্সের অবস্থান।
যোগাযোগ করা হলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম প্রথম আলোকে বলেন, ‘এটি সিটি করপোরেশনের বিষয়। তবে এ ব্যাপারে ব্যবস্থা নিতে করপোরেশনকে অনুরোধ জানাব।’
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিলবোর্ডটি অপসারণের ব্যবস্থা করা হবে।’
গত বছরের অক্টোবরের দিকে চট্টগ্রাম নগরের কদমতলী মোড়ে রেলওয়ের জায়গায় প্রায় চারতলা ভবনের সমান একটি বিশাল বিলবোর্ড স্থাপন করা হয়। এ জন্য ওই সময় ছয়টি গাছ কাটা হয়।