চট্টগ্রামে গুলিতে ব্যবসায়ী নিহত
চট্টগ্রামে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিতে আবদুল জাহেদ (৩৫) নামের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান্। সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জাহেদের পরিবারের অভিযোগ, স্থানীয় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে জাহেদের শরীরে গুলি লাগে। তিনি ঝুট ব্যবসায়ী ছিলেন।
ওসি মাইনুল প্রথম আলোকে বলেন, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদরঘাটের কামাল গেট এলাকায় স্থানীয় রয়েল ও আনিস নামের ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে বাড়ির সামনে থাকা জাহেদ গুলিবিদ্ধ হন। তাঁর কান, চোখ ও বুকে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। রাতেই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ সকালে মুজিব নামে এক যুবককে আটক করেছে পুলিশ। লাশের ময়নাতদন্ত হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে।