চট্টগ্রামে গুলিতে যুবলীগ কর্মী নিহত
চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মেহেদী হাসান ওরফে বাদল (৪৫) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ এলাকার নাগরিক হাউজিং সোসাইটির সামনে এ ঘটনা ঘটে।
মেহেদী হাসান নগর যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে কোনো পদে ছিলেন না। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটকেন্দ্রিক রাজনীতির সঙ্গে তিনি জড়িত ছিলেন।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, রাতে হেঁটে বাসায় যাওয়ার পথে ওত পেতে থাকা দুর্বৃত্তরা মেহেদীকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মেহেদীর বাসা থেকে প্রায় দুই শ গজ দূরত্বে এ ঘটনা ঘটে। তিনি জানান, গুলি মেহেদীর ঘাড়ের পেছনের দিকে লাগে। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
দেবদাস ভট্টাচার্য বলেন, মেহেদীকে কারা গুলি করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম জানান, রাতে মেহেদীর লাশ হাসপাতালে আনা হলে তাঁর ক্ষুব্ধ অনুসারীরা বিভিন্ন স্লোগান দেন।
স্থানীয় সূত্র জানায়, মেহেদী হত্যাকাণ্ডের প্রতিবাদে তাঁর অনুসারীরা শেরশাহ এলাকায় মিছিল করেন।
পুলিশ সূত্র জানায়, মেহেদী পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় পাঁচটি মামলা আছে। বায়েজিদ বোস্তামী শিল্প এলাকায় চাঁদাবাজির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে মেহেদী পরিচিত।