চট্টগ্রামে গুলিতে শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পাঁচলাইশের টুনু মুন্সীর বাড়ি এলাকায় গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তদের গুলিতে এক শিশু নিহত হয়েছে। এদিকে র্যা ব জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার এক যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই শিশুকে গুলি করার কথা স্বীকার করেছে।
নিহত আসাদুল মিয়ার (১২) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে। তার বাবা মোক্তার মিয়া বেঁচে নেই। ছয় মাস আগে চাচা সুমন মিয়ার পাঁচলাইশের মোহাম্মদপুরের বাসায় বেড়াতে এসেছিল আসাদুল। চট্টগ্রামে চা-দোকানি চাচাকে সহায়তা করত সে। পাশাপাশি আগামী বছর স্কুলে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিল আসাদুল।
গতকাল বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে আসাদুলের লাশ গ্রামের বাড়িতে নেওয়া হয়। এ ঘটনায় তার চাচা অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেছেন।
নিহতের চাচা সুমন মিয়া জানান, টুনু মুন্সীর বাড়ি এলাকায় তাঁর একটি চা-দোকান আছে। গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে মোমবাতি কিনতে তাঁর দোকানে আসে আসাদুল। মোমবাতি কেনার জন্য তাকে ১৫ টাকা দেওয়া হয়। টাকা নিয়ে মোমবাতি কিনতে যাওয়ার সময় হেলমেট পরিহিত অজ্ঞাতপরিচয় দুই যুবক মোটরসাইকেলে করে এসে পাশের একটি অ্যালুমিনিয়ামের দোকানের সামনে গুলি করে পালিয়ে যায়। গুলিতে তাঁর ভাতিজার মাথার খুলি উড়ে যায়। তিনি জানান, তাঁদের সঙ্গে কারও বিরোধ নেই।
র্যা ব-৭-এর উপপরিচালক মেজর জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় গত মঙ্গলবার রাতে মোহাম্মদপুর এলাকা থেকে মো. বাবু ও মো. সায়েম নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সায়েম প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসাদুলকে গুলি করার কথা স্বীকার করেছে। সে বলেছে, চাঁদা নিয়ে মোহাম্মদপুর এলাকার সন্ত্রাসী সোহাগের সঙ্গে ব্যবসায়ী দেলোয়ার হোসেন শেখের বিরোধ ছিল। এ বিরোধের জের ধরে সপ্তাহ খানেক আগে সোহাগকে গালাগাল করেন ওই ব্যবসায়ী। এ কারণে ওই ব্যবসায়ীকে ভয়ভীতি দেখানোর জন্য গুলি করার পরিকল্পনা করে সোহাগ। সোহাগ মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থলে আসে। মোটরসাইকেলে তাঁর পেছনে ছিল সায়েম। সোহাগের পরিকল্পনামতো সায়েম গুলি করে।
র্যা ব জানায়, গ্রেপ্তার দুজনকে পাঁচলাইশ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে। পলাতক সোহাগকে ধরতে অভিযান চলছে।
নগর পুলিশের উপকমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ জানান, এ ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গুলিতে ঘটনাস্থলেই আসাদুলের মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। দেশে তৈরি এলজি দিয়ে কাছ থেকে গুলি করা হয়েছে। গুলি আসাদের মাথায় লাগে।