চট্টগ্রামে গ্রামীণফোনের বর্তমান ও সাবেক ২২ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
লোভনীয় অফারের নামে প্রতারণার মাধ্যমে গ্রাহকদের মুঠোফোনের ব্যালেন্স (টাকা) আত্মসাৎ করার অভিযোগে গ্রামীণফোনের বর্তমান ও সাবেক ২২ কর্মকর্তার বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে লিখিত আবেদন করেছেন এক আইনজীবী। আবেদনটি গ্রহণ করে আদালত ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি এজাহার (মামলা) হিসেবে নিতে নির্দেশ দিয়েছেন।
গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ হারুন অর রশিদ এই আদেশ দেন বলে জানান বাদীর আইনজীবী। মামলার বাদী চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকার বাসিন্দা এস এইচ এম হাবিবুর রহমান। তিনি চট্টগ্রাম আদালতের আইনজীবী।
আদালত সূত্র জানায়, মামলায় গ্রামীণফোনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব শেঠি, প্রধান মানবসম্পদ কর্মকর্তা ও পরিচালক শরীফ আহমেদ, টেকনিক্যাল বিভাগের স্পেশালিস্ট আহমেদ মঞ্জুর উদ্দৌলা, অর্থ তহবিলের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মো. সাহেদ, সদস্য মাইনুর রহমান ভূইয়া, মইনুল কাদের ও মনজুরুদ্দোহা, হেড অব এক্সটারনাল কমিউনিকেশন সৈয়দ তালাত কামাল, সাবেক সিইও টরি জনসন, ভিভেক সুদসহ ২২ জনকে আসামি করা হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে করা এই মামলায় ১১ জনকে সাক্ষী রাখা হয়েছে।
এ বিষয়ে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আদালতের আদেশটি এখনো থানায় এসে পৌঁছায়নি। আদেশ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
মামলার বিষয়ে বক্তব্য জানতে গতকাল রাতে ঢাকায় গ্রামীণফোন কার্যালয়ে যোগাযোগ করা হয়। কিন্তু দায়িত্বশীল কোনো কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে চাননি।