চট্টগ্রামে গ্রেপ্তার তিনজনের ছাত্রত্ব বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে র্যাবের অভিযানে নিহত দুজনের পরিচয় মেলেনি দুই দিনেও। তাঁদের লাশ মর্গে পড়ে আছে।
অন্যদিকে জেএমবির সদস্য সন্দেহে চট্টগ্রামে গ্রেপ্তার হওয়া তিনজনের ছাত্রত্ব বাতিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী নির্বাহী ক্ষমতাবলে এই তিন ছাত্রের ছাত্রত্ব বাতিল করেন। তাঁরা হলেন পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের ছাত্র নাইমুর রহমান, ফয়সাল মাহমুদ ও শওকত রাসেল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী প্রথম আলোকে বলেন, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে পুলিশ এই তিন ছাত্রকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে হাটহাজারী থানায় অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে তিনটি এবং কর্ণফুলী থানায় সন্ত্রাস দমন আইনে একটিসহ মোট চারটি মামলা হয়েছে। মামলার কাগজপত্র পাওয়ার পর প্রক্টর কার্যালয় থেকে তিনজনের ছাত্রত্ব বাতিলের জন্য উপাচার্যের কাছে সুপারিশ করা হয়। উপাচার্য নির্বাহী ক্ষমতাবলে তাঁদের ছাত্রত্ব বাতিল করেন।
পুলিশ জানায়, গত শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাইমুর রহমান, ফয়সাল মাহমুদ ও শওকত রাসেলকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর আমানবাজারে জেএমবির চট্টগ্রামের কমান্ডার ফারদিন ওরফে নোমান ওরফে নাফিসের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে অস্ত্র-গুলি, বিস্ফোরক, দুটি র্যাঙ্ক ব্যাজসহ সেনাবাহিনীর ১২ সেট পোশাক উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হাটহাজারী থানায় তিনটি মামলা হয়।
মামলায় বিশ্ববিদ্যালয়ের ওই তিন ছাত্র ও জেএমবির নেতা ফারদিনকে আসামি করা হয়। এ ছাড়া তিন ছাত্রের বিরুদ্ধে কর্ণফুলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে। এ মামলায় গত সোমবার তাঁদের পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চট্টগ্রাম মহানগর পুলিশের ১০ সদস্যের একটি দল তাঁদের জিজ্ঞাসাবাদ করছে।
এ দলের একজন ডিবির সহকারী কমিশনার (দক্ষিণ) মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, তিন আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিকভাবে তাঁদের পারিবারিক ও ব্যক্তিগত তথ্যগুলো নেওয়া হচ্ছে। জেএমবির সঙ্গে তাঁরা কীভাবে সম্পৃক্ত হলেন, ফারদিনের সঙ্গে কীভাবে তাঁদের সম্পর্ক তৈরি হয়, ফারদিন এখন কোথায় আছেন—এসব বিষয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে গাজীপুরে দুজন নিহত হওয়ার ঘটনায় সোমবার রাতে জয়দেবপুর থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয়েছে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান জানান, র্যাব-১-এর পুলিশ পরিদর্শক (শহর ও যান) মো. সেলিম খান মামলা দুটির বাদী।
এজাহারে বলা হয়, গত রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, গাজীপুরের যোগীতলা দক্ষিণপাড়া এলাকায় একটি মসজিদ-সংলগ্ন পরিত্যক্ত টিনশেড ঘরে কতিপয় জঙ্গি সদস্য অস্ত্র-গোলাবারুদসহ অবস্থান করে নাশকতার পরিকল্প করছে। রাত সাড়ে ১০টার দিকে র্যাব সদস্যরা ওই ঘরটি ঘেরাও করেন। তখন জঙ্গিরা র্যাবকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে আসামিদের অবস্থানরত পরিত্যক্ত ঘরে বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়। র্যাব সদস্যরা ওই ঘরে প্রবেশ করে দেখেন দুজনের ক্ষতবিক্ষত লাশ পড়ে আছে। তাদের পরিচয় পাওয়া যায়নি। পরিত্যক্ত ওই ঘর থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি, চারটি অবিস্ফোরিত বোমা, ২৯টি ডেটোনেটর, দুই কেজি বিস্ফোরক, চারটি জিহাদি বই, কিছু মার্বেল ও লোহার নাট-বল্টু উদ্ধার করা হয়।
জয়দেবপুর থানার ওসি জানান, নিহত দুজনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুই দিনেও তাঁদের পরিচয় জানা যায়নি।
এ অবস্থায় র্যাব কীভাবে নিশ্চিত হলো যে এরা জেএমবির সদস্য—এ বিষয়ে জানতে চাইলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে উদ্ধার করা জেএমবির প্রচারপত্র ও অন্যান্য কাগজপত্র দেখে তাঁরা নিশ্চিত হয়েছেন যে নিহত ব্যক্তিরা জেএমবির সদস্য।