চট্টগ্রামে ঘর থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার
চট্টগ্রাম নগরের আমবাগান এলাকার রেলওয়ে বস্তির একটি ঘর থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে। বস্তির লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে পুলিশ ঘরের দরজা ভেঙে দুজনের লাশ উদ্ধার করে। তাঁরা হলেন মো. কামরুল হাসান (৩২) ও মো. নুরুল আবছার ওরফে লাকী (৩০)। কী কারণে তাঁদের মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
পুলিশ বলছে, মৃত দুজনের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে মুখে সাদা ফেনার মতো কিছু লেগে ছিল। ঘরে নেশাজাতীয় দ্রব্য পাওয়া গেছে। আমবাগান রেলওয়ে বস্তিতে তাঁদের কয়েকটি ঘর রয়েছে।
মৃত কামরুল স্ত্রী ও সন্তান নিয়ে নগরের ইপিজেড এলাকায় থাকতেন। তাঁর স্ত্রী পোশাক কারখানায় চাকরি করেন। ছোট ভাই আবছার বস্তিরই একটি ঘরে থাকতেন। কামরুল বুধবার রাতে আবছারের সঙ্গে দেখা করতে বস্তিতে আসেন। রাতে তিনি সেখানেই ছিলেন। গতকাল সন্ধ্যা পর্যন্ত তাঁরা বস্তির ওই ঘর থেকে বের না হওয়ায় আশপাশের লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘরের দরজা ভেঙে দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করে। তাঁদের বাবা লেদু মিয়া রেলওয়ের কর্মী ছিলেন। সে সুবাদে আমবাগান এলাকার ওই বস্তিতে তাঁরা কয়েকটি ঘর তুলে ভাড়া দেন বলে জানায় পুলিশ।
ঘটনাস্থল থেকে খুলশী থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ঘরের জিনিসপত্রও সব ঠিকঠাক রয়েছে। দুজনের মুখে ফেনা লেগে ছিল। ঘরে বেশ কিছু নেশাজাতীয় দ্রব্য পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
স্বামী ও দেবরের লাশ উদ্ধারের খবর শুনে আমবাগানের বস্তিতে ছুটে আসেন মৃত কামরুলের স্ত্রী নাজমা আক্তার। তিনি সাংবাদিকদের বলেন, তাঁর স্বামী ভাড়া তুলতে বস্তিতে এসেছিলেন। বুধবার রাতে বাড়ি ফেরেননি। কী কারণে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে, তিনি বুঝতে পারছেন না। তাঁর স্বামী কিছু করতেন না। দেবর দিনমজুর ছিলেন। তবে দুজনেই নেশা করতেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য গত রাতে প্রথম আলোকে বলেন, দুই ভাইয়ের মৃত্যুর কারণ তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।