চট্টগ্রামে ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লালখান বাজারে গুলজার বেগম ওরফে রুমা (৩৮) নামের এক গৃহবধূকে ঘরে ঢুকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার সকালে নগরের হাইলেভেল রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে। পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গৃহবধূর দেবর এয়াকুব খানকে খুঁজছে পুলিশ।
গুলজার বেগমের দুই ছেলে ও এক মেয়ে। স্বামী ইউনুস খান পোলট্রি ব্যবসা করেন। বড় ছেলে নাছির উদ্দিন খান আরব আমিরাতে থাকেন। ছোট ছেলে জাফর বাবার ব্যবসায় সহযোগিতা করেন। মেয়ে ফাহিমা নবম শ্রেণিতে পড়ে।
হাইলেভেল রোডের ওই বাসার নিচতলায় পরিবার নিয়ে থাকতেন এয়াকুব। ওপর তলায় থাকেন তাঁর বড় ভাই ইউনুস খান। এটি তাঁদের পারিবারিক বাড়ি।
নিহত গুলজারের ছোট ছেলে জাফর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গের সামনে সাংবাদিকদের জানান, গতকাল সকাল আটটায় বাবার সঙ্গে তিনি দোকানে যান। আধা ঘণ্টা পর শুনতে পান চাচা এয়াকুব তাঁর মাকে খুন করেছেন। দ্রুত বাসায় ফিরে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ও পরে চমেক হাসপাতালে তাঁর মাকে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জাফর জানান, তিন বছর আগে তাঁর বড় ভাই প্রেম করে বিয়ে করেন। এ মাসের শেষের দিকে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। এ সময় মেয়েটিকে ঘরে তুলে আনার সিদ্ধান্ত হয়। প্রেমের বিয়ে হওয়ায় শুরু থেকে তাঁর চাচা এই বিয়ে মেনে নেননি। এখন মেয়েটিকে ঘরে তোলার সিদ্ধান্ত হওয়ায় তিনি বিরোধিতা করেন। কেউ এই বিয়ে মেনে নিলে তাঁকেও মেরে ফেলার হুমকি দেন।
জাফর জানান, মাকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় পাশের কক্ষ থেকে বোন ফাহিমা তার চাচা এয়াকুবকে দেখেছে।
নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ অঞ্চল) দীপক জ্যোতি খীসা প্রথম আলোকে জানান, নিহত নারীর বড় ছেলের প্রেমের বিয়ে মেনে নেওয়া নিয়ে পারিবারিক বিরোধ ছিল। এর জের ধরে রান্নাঘরে ঢুকে বড় ভাবি গুলজার বেগমকে দেবর এয়াকুব খুন করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে হত্যার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন এয়াকুব। তাঁকে ধরতে পুলিশের অভিযান চলছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভুঁইয়া গতকাল সন্ধ্যায় জানান, গুলজারের স্বামী ইউনুস খান বাদী হয়ে তাঁর ভাই এয়াকুব খানকে আসামি করে হত্যা মামলা করেছেন।