চট্টগ্রামে ঘুষ দাবির অভিযোগে পুলিশের উপপরিদর্শক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক বিমা কর্মকর্তাকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে ঘুষ দাবি করার অভিযোগে শিল্প পুলিশের একজন উপপরিদর্শককে (এসআই) সহযোগীসহ আটক করেছে পুলিশ।
পুলিশের আটক সদস্য হলেন এসআই মাহবুবুর রহমান। আর তাঁর সন্দেহভাজন সহযোগী হলেন ফরিদুল আলম। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের জুবিলী রোডের ডাচ্-বাংলা ব্যাংকের সামনে থেকে তাঁদের আটক করে কোতোয়ালি থানার পুলিশ। সন্ধ্যায় মাহবুবকে শিল্প পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আর বেকার হিসেবে উল্লেখ করা ফরিদুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানায়।
সোনালী লাইফ ইনস্যুরেন্সের চট্টগ্রামের বিভাগীয় সমন্বয়ক জিয়াউল করিম সাংবাদিকদের কাছে দাবি করেন, কাজ শেষে গতকাল ভোররাতে হালিশহরের বাসায় ফিরতে রাইডারে করে ষোলশহর ২ নম্বর গেট এলাকা থেকে টাইগারপাসে যান তিনি। এ সময় এসআই মাহবুব ও তাঁর সহযোগী ফরিদ হালিশহরে যাওয়ার কথা বলে তাঁকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তোলেন। কিছুক্ষণ পর নিজেকে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা চট্টগ্রাম রেলস্টেশন এলাকার দিকে নিয়ে যান। এ সময় তাঁর কাছে মাদক আছে দাবি করে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন মাহবুব। নইলে গ্রেপ্তার করা হবে বলে ভয় দেখান। একপর্যায়ে নগরের স্টেশন রোডের হোটেল মার্টিনে নিয়ে যান তাঁকে। পরে সকাল নয়টার দিকে টাকা তুলে দেওয়ার কথা বলে এসআই মাহবুবকে ব্যাংকে নিয়ে যান। কৌশলে ব্যাংকের এক কর্মকর্তার ফোন থেকে বিষয়টি কোতোয়ালি থানার পুলিশকে জানিয়ে দেন তিনি।
শিল্প পুলিশ চট্টগ্রামের ভারপ্রাপ্ত পরিচালক তোফায়েল আহমেদ বলেন, অভিযোগ তদন্ত করে এসআই মাহবুবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
মাহবুবকে সাময়িক বরখাস্ত কিংবা এ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে কি না, জানতে চাইলে তোফায়েল আহমেদ বলেন, কর্তৃপক্ষের সঙ্গে আলাপের পর কমিটি গঠন করে তদন্ত শুরু করা হবে। ঘটনার সময় মাহবুব দায়িত্বরত ছিলেন না।
ঘুষ দাবির বিষয়ে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেননি মাহবুব। তবে সহযোগী ফরিদ বলেন, তিনি বেকার। বরিশাল কলোনিতে ইয়াবা সেবন করতে গিয়ে বুধবার রাতে তাঁর সঙ্গে মাহবুবের পরিচয় হয়। ওই দিন শেষরাতে টাইগারপাস এলাকায় জিয়াউল নামের এক ব্যক্তিকে গাড়িতে তুলে নেন মাহবুব। তিনিও সঙ্গে ছিলেন।