চট্টগ্রামে চাঁদা না পেয়ে শ্রমিককে গুলি
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার চান মিয়া আবাসিক এলাকায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনের এক শ্রমিককে গুলি করেছে দুবৃর্ত্তরা। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তারা ওই ভবনের দারোয়ানকেও মারধর করে।
গুলিবিদ্ধ নির্মাণশ্রমিক মোহাম্মদ মাহফুজ (২২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ভবনের দারোয়ান মোহাম্মদ খালেক (৬২) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নির্মাণাধীন ছয়তলা ভবনের মালিক মোহাম্মদ আলমগীর বলেন, এক বছর আগে ভবনের নির্মাণকাজ শুরু করেছিলেন। এরপর থেকে সন্ত্রাসীরা চাঁদা দাবি করে আসছে। এ জন্য বিভিন্ন সময় ভবনের নির্মাণকাজ বন্ধ রাখতে হয়। সম্প্রতি আবার কাজ শুরু করলে সন্ত্রাসীরা চাঁদা দাবি করে।
মোহাম্মদ আলমগীর বলেন, গতকাল সকালে চার-পাঁচজন সন্ত্রাসী নির্মাণাধীন ভবনের সামনে আসে। এ সময় তাঁরা তাঁকে খুঁজতে থাকে। একপর্যায়ে দারোয়ানকে মারধর শুরু করে। নির্মাণশ্রমিকেরা দারোয়ানকে রক্ষা করতে এগিয়ে এলে সন্ত্রাসীরা একটি গুলি ছোড়ে। এতে মাহফুজ গুলিবিদ্ধ হন। মারধরে দারোয়ান খালেকের ডান হাত ভেঙে যায়।
কারা চাঁদা দাবি কিংবা গুলি করেছে জানতে চাইলে মোহাম্মদ আলমগীর কিছু বলতে রাজি হননি।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইরুল ইসলাম বলেন, চাঁদাবাজি নাকি জায়গাজমির বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।