চট্টগ্রামে চার কোটি টাকার সোনা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে প্রায় চার কোটি টাকার সাড়ে নয় কেজি সোনার বার জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় এসব সোনার বার জব্দ করা হয়। আটক যাত্রী মো. হোসেইনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাঁর বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। তাঁর বিরুদ্ধে নগরের পতেঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক সুশান্ত পাল জানান, গতকাল সকাল সাড়ে ১০টায় দুবাই থেকে ফ্লাই দুবাই বিমান সংস্থার একটি উড়োজাহাজে করে চট্টগ্রামে আসেন হোসেইন নামের ওই যাত্রী। আগে থেকে সংবাদের ভিত্তিতে তাঁর গতিবিধির ওপর নজর রাখা হয়। একপর্যায়ে বিমানবন্দর ত্যাগ করার আগে তাঁকে চ্যালেঞ্জ করা হয়। তবে তিনি অস্বীকার করার পর তাঁর কোমরে বেল্টের মধ্যে স্কচটেপে মোড়ানো অবস্থায় ৮২টি সোনার বার উদ্ধার করা হয়।